Ajker Patrika

ফ্যাক্টচেক /প্রাপ্তবয়স্কদের সাইটের ছবিকে আ.লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৬
প্রাপ্তবয়স্কদের সাইটের ছবিকে আ.লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা দাবিতে প্রচার
নাটোরে আ. লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দাবিতে ছবি। ছবি: স্ক্রিনশট

নাটোরে আওয়ামী লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। পোস্টটি শেয়ার করে একজন লিখেছেন, ‘পাকিস্তানপন্থী হলে বলবে ভারতের, আর ভারতপন্থী হলে বলবে পাকিস্তানের—এটাই হচ্ছে বাঙালির আসল চরিত্র। খুবই অল্পসংখ্যক মানুষ আছেন, যারা বিষয়টি তদন্ত করে বিচার দাবি করবে।’

‘Sajeeb Wazed’ নামের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা পোস্টটিতে ৩ হাজার ২০০ রিয়েকশন ও ১ হাজার ২০০ শেয়ার রয়েছে। পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য বলে মনে করেছেন।

কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা কি জাহেলিয়াতের যুগে চলে গেছি? এর বিচার আদালতে না হলেও অতি সত্ত্বর এদের ওপর আল্লাহর গজব নাজিল হবে।’ আরেকজন বলেন, ‘আহারে বাংলাদেশ, বিচার বিভাগ বলতে কিছুই নাই...।’ অন্য এক ব্যবহারকারী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, মেঝের ওপর মস্তিষ্ক বিচ্ছিন্ন বিবস্ত্র নারীর দেহ পড়ে রয়েছে। পাশে আরেকটি বিবস্ত্র মরদেহ পড়ে রয়েছে বলে মনে হয়। তবে ঘটনাটি নাটোরের কোথায় কবে ঘটেছে সে সম্পর্কে পোস্টে কোনো তথ্য নেই।

অনুসন্ধানে প্রচারিত দাবির বিষয়ে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ‘ইয়াতি’ অনুসন্ধানে একটি এক্স অ্যাকাউন্টের প্রোফাইলে একই ছবি পাওয়া যায়। মালয়েশিয়াভিত্তিক অ্যাকাউন্টটির ‘About’ অংশ থেকে জানা যায়, এটি ২০১৭ সালে খোলা হয়েছে। তবে অ্যাকাউন্টটিতে কোনো পোস্ট দৃশ্যমান নেই।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Forogore’ নামের ওয়েবসাইটেও হুবহু একই ছবি পাওয়া যায়। স্প্যানিশ ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে ‘এলোমেলো/অজানা মৃত নারীরা’ লেখা দেখা যায়। এ ছাড়া, প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘নৃশংসভাবে নিহত নারীদের সংকলন, যাদের মৃত্যুর কারণ অজানা। ছবিগুলোর ফটোগ্রাফারকে ধন্যবাদ।’ তবে প্রতিবেদনে ছবির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে এমন অনেক ছবি সংবলিত প্রতিবেদন রয়েছে। তবে কনটেন্টগুলো প্রাপ্তবয়স্কদের (১৮‍+) জন্য বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিষয়টির পুরোপুরি নিশ্চিত হতে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। তিনি তথ্যটিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘নাটোরে এমন ঘটনা ঘটেনি। প্রচারিত দাবিটি গুজব।’

সিদ্ধান্ত

নাটোরে আওয়ামী লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দাবিতে প্রচারিত দাবিটি ভুয়া। বিদেশি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের ছবিকে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত