Ajker Patrika

ফ্যাক্টচেক /পার্কে হামলার পুরোনো ভিডিওকে শিবলী সাদিকের বাড়ি ও মসজিদে হামলা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ২৮
পার্কে হামলার পুরোনো ভিডিওকে শিবলী সাদিকের বাড়ি ও মসজিদে হামলা বলে প্রচার
দিনাজপুরে শিবলী সাদিকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং তাঁর নির্মিত একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Mujib Chronicles’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২১ নভেম্বর শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি একটি মসজিদও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিএনপি, জামায়াত-শিবির সন্ত্রাসীরা। যারা নিজেদের ইসলামের অনুসারী বলে দাবি করে, তারা নাকি ইসলামের অনুসারী। মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের ইবাদতের স্থান। মসজিদের ভেতরে রয়েছে পবিত্র কোরআন শরিফ। সেই পবিত্র স্থানেও যদি আগুন দেওয়া হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ধর্মের প্রতি তাদের এই কথিত শ্রদ্ধা কোথায়? ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে, মসজিদ পুড়েছে। এই ধ্বংসযজ্ঞের জবাব কে দেবে?’ (লেখা ও বানান অপরিবর্তিত)

একই ভিডিও এক্সেশেয়ার করে ইংরেজিতে লেখা হয়, ‘দিনাজপুর রক্তাক্ত! উগ্র জামায়াতের কর্মীরা সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয়দের জন্য নির্মিত তাঁর মসজিদে ভাঙচুর চালিয়েছে। তারা আল্লাহর ঘরেও আগুন দিয়েছে! এটি আইনশৃঙ্খলা নয়, বরং পাকিস্তানের এজেন্টদের শাসন। জেগে ওঠো, প্রতিরোধ গড়ে তোলো, বাংলাদেশকে রক্ষা করো!’

ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ভিডিওটিতে একটি স্থাপনায় আগুন জ্বলতে ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ সময় উপস্থিত জনতার হাতে লাঠিসোঁটা এবং চারপাশে ভাঙচুর করা চেয়ারের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে দিনাজপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বাড়ি বা মসজিদে এমন কোনো হামলার ঘটনা ঘটেছে কি না, তা অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে গত বছরের ২৮ আগস্ট শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ‘দিনাজপুরে জীবন মহল পার্কে ভাঙচুর-আগুন, তৌহিদি জনতার’ শিরোনামে শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল পাওয়া যায়।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও। ছবি: স্ক্রিনশট
ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও। ছবি: স্ক্রিনশট

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে ‘দিনাজপুরের জীবন মহল রিসোর্টে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, ৫০ জন আহত’ শিরোনামেদিনাজপুর টিভির একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দিনাজপুরের বিরল উপজেলার জীবন মহল পার্ক ও রিসোর্টে তৌহিদি জনতা এবং রিসোর্ট কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রতিবেদন অনুযায়ী, জীবন মহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগে তৌহিদি জনতা একটি প্রতিবাদ সভার আয়োজন করে। একই সময়ে রিসোর্ট কর্তৃপক্ষেরও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে তৌহিদি জনতার ব্যানারে থাকা ব্যক্তিরা জীবন মহল রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তাঁরা রিসোর্টটির স্বত্বাধিকারী ডা. জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি করেন। খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে যান।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মারুফত হোসাইন জানান, উভয় পক্ষ তখন শান্ত ছিল। অসামাজিক কার্যকলাপের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট
দিনাজপুর টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট

আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে প্রচারিত ভিডিওর দৃশ্যগত মিল পাওয়া যায়। এ ছাড়া প্রথম আলোর ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা-আগুন-লুটপাট’ শিরোনামের প্রতিবেদনেও জীবন মহল পার্কে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ পাওয়া যায়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে অগ্নিসংযোগের যে দৃশ্য দেখানো হয়েছে, তা জীবন মহল পার্ক ও রিসোর্টে হামলার ঘটনার। এটি কোনো মসজিদে অগ্নিসংযোগের দৃশ্য নয়।

কালবেলা ও প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
কালবেলা ও প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও তাঁর নির্মিত মসজিদে বিএনপি-জামায়াতের কর্মীদের হামলা ও অগ্নিসংযোগ দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার জীবন মহল পার্ক ও রিসোর্টে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও। পুরোনো ওই ভিডিওকে ভিন্ন ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত