ফ্যাক্টচেক /যুক্তরাষ্ট্রে বোরকা না পরায় নারীকে আক্রমণ বলে ছড়ানো ভিডিওটি এআই নির্মিত

বোরকা না পরায় যুক্তরাষ্ট্রে মঞ্চে এক নারীকে আক্রমণ করলেন এক মুসলিম যুবক—এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আলোচিত দাবিতে ‘Ben-Yehuda’ নামের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটি ২১ লাখ বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডওতে কয়েক হাজারের বেশি রিয়েকশন ও কমেন্ট রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
প্রচারিত ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারীকে মঞ্চে মাইক্রোফোন হাতে দেখা যায়। এ সময় এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে আক্রমণ করেন। পরে সামনে থাকা অন্য ব্যক্তিরা এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, চিলির কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার একটি বাস্তব ভিডিও অবলম্বনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এটি তৈরি করা হয়েছে। চিলির সংবাদমাধ্যম Cooperativa ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চিলির আরিকা শহরে একটি অনুষ্ঠানে কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার ঘটনার ভিডিও ব্যবহার করে এআইয়ের মাধ্যমে একাধিক ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে মূল ঘটনার ব্যক্তিদের পরিবর্তে ভিন্ন ব্যক্তিদের দেখানো হয়েছে।
একই বিষয়ে চিলির সংবাদমাধ্যম ADN Radio -এর এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘটনা হিসেবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ’আলেজান্দ্রা সোটো’ নামের এক নারী কমেডিয়ান মঞ্চে পারফর্ম করার সময় এক দর্শকের হামলার শিকার হন এবং তিনি পাল্টা আক্রমণ করেন। তবে ভিডিওটি প্রকৃত ঘটনার দৃশ্য নয়; বরংভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ডিপফেক। প্রকৃতপক্ষে এটি গত ১২ নভেম্বর চিলির আরিকা শহরে চিলিয়ান কমেডিয়ান লুইস স্লিমিংয়ের ওপর হওয়া হামলার আসল ভিডিওটিকে বিকৃত করে বানানো হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মূল পোস্টে একটি কমিউনিটি নোটও যুক্ত করে।
এ ছাড়া চিলির সংবাদমাধ্যম TVN-এর ১২ নভেম্বর প্রকাশিত আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির আরিকা শহরের হোটেল আন্তাইয়ে একটি অনুষ্ঠানে পরিবেশনা করার সময় লুইস স্লিমিংয়ের ওপর এক ব্যক্তি হামলা করেন। এ সময় দর্শকদের মধ্যে থাকা দেশটির তদন্তকারী পুলিশ সংস্থার কর্মকর্তারা হামলাকারীকে আটক করেন। ঘটনার কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া, একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণেও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ইঙ্গিত পাওয়া যায়।
সিদ্ধান্ত
চিলির কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার ভিডিও অবলম্বনে এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে যুক্তরাষ্ট্রে বোরকা না পরায় এক নারীকে মুসলিম ব্যক্তির আক্রমণের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।









