
ফ্যামিলি কার্ড চাওয়ায় সাধারণ মানুষকে চেয়ার দিয়ে পিটিয়েছেন ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
গত রোববার (১৯ জুলাই) ‘আমরা জয় বাংলার লোক’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক (১ ,২, ৩) পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করছেন এবং বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।
অনুসন্ধানে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর পক্ষে জাতীয় কোনো গণমাধ্যমে প্রতিবেদন কিংবা অন্য নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
পরে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘न्यूज़ दिगौड़ा’ নামের একটি ভারতীয় ফেসবুক পেজে শেয়ার করা ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ২ জুন শেয়ার করা এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ওই ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের মধ্যপ্রদেশের। পেজটিতে একই দাবিতে আরও একটি ভিডিও পাওয়া যায়।

অধিকতর অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘ভাস্কর নিউজ’-এ ২০২৬ সালের ২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন এবং ‘IBC24 Jankarwan’ নামের ইউটিউব চ্যানেলে গত ৮ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের টিকমগড় জেলার রতনগুয়াঁ ভাটা গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট থাকায় গ্রামবাসীরা চরম ভোগান্তিতে ছিলেন। গত ২ জুন বেশ কয়েকজন নারীসহ গ্রামবাসী জতারা এলাকার বিদ্যুৎ অফিসে গিয়ে নষ্ট ট্রান্সফরমারটি দ্রুত বদলে দেওয়ার দাবি জানান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অফিসে থাকা এক বিদ্যুৎকর্মী ক্ষুব্ধ হয়ে এক নারীর দিকে চেয়ার ছুড়ে মারেন। এর পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে বিদ্যুৎকর্মীদের হাতাহাতি ও মারামারি শুরু হয়। পরে ওই ঘটনায় বিদ্যুৎ বিভাগের পাঁচ কর্মীর বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা (এফআইআর) করা হয়।

সিদ্ধান্ত
‘ফ্যামিলি কার্ড চাওয়ায় চেয়ার দিয়ে সাধারণ মানুষকে পেটালেন ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান’—দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি বিদ্যুৎ অফিসে গ্রামবাসী ও বিদ্যুৎকর্মীদের হাতাহাতির ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে। এ ছাড়া বিএনপির ইউনিয়ন পর্যায়ের সর্বোচ্চ নেতার পদবি চেয়ারম্যান নয়, সভাপতি।

‘গত দুই বছর ধরে ইলিশের প্রজনন হার কম, তাই ইলিশের দাম বেড়ে গেছে’—কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে দুই পা ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা।
১ দিন আগে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার পর তারকা ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে