Ajker Patrika

ফ্যাক্টচেক /‘জনতার প্রতিরোধের মুখে’ বিজিবির গাড়ি ফিরে যাওয়ার ভিডিওটি গোপালগঞ্জের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
‘জনতার প্রতিরোধের মুখে’ বিজিবির গাড়ি ফিরে যাওয়ার ভিডিওটি গোপালগঞ্জের নয়
গাজীপুরের শ্রমিক আন্দোলনের ভিডিও গোপালগঞ্জের দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

গোপালগঞ্জে গণপ্রতিরোধের মুখে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ফিরে গেছে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

২৩ নভেম্বর থেকে আলোচিত দাবিতে অন্তত ৩০টি প্রোফাইল ও পেজে ভিডিওটি শেয়ার করা হয়।

কয়েকটি ভিডিও রয়েছে (১, ২, ৩, ৪, ৫, ৬)

‘AB Riyad’ নামের একটি প্রোফাইল থেকেও ভিডিওটি ছড়ানো হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘সীমান্ত ছেড়ে বিজিবি লোকালয়ে কেন? জনসাধারণের ক্ষোভে গোপালগঞ্জ থেকে ফিরিয়ে দিচ্ছে টহলরত বিজিবির গাড়ি।’ ভিডিওটির কমেন্ট ও রিয়েকশন পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ নেটিজেন দাবিটিকে সত্য মনে করছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ১১ সেকেন্ডের ভিডিওতে বিজিবি সদস্যদের বহনকারী দুটি পিকআপ ভ্যানকে জনতার উপস্থিতিতে ঘুরে যেতে দেখা যায়। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে গোপালগঞ্জে জনতার বাধার মুখে বিজিবির টহল গাড়ি ফিরে যাওয়ার কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। বরং ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন’ শিরোমে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অনুসন্ধানে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন এবং সেই আন্দোলন নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের বিষয়ে একাধিক প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গাজীপুরের পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। এ ছাড়া শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে কালো তালিকাভুক্তির অবসান এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল। ২ নভেম্বর প্রকাশিত দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনেএসব দাবির কথা উল্লেখ করা হয়।

গত ১ নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনেবলা হয়, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত ছিল। ওই দিন আন্দোলন নিয়ন্ত্রণে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া ১৭ নভেম্বর সমকালের এক প্রতিবেদনেবলা হয়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা সরে যেতে রাজি না হওয়ায় পরে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

একই সময়ে ‘Garment workers protest in Gazipur, Savar and Dhaka: Scenes in pictures’ শিরোনামেদৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ‘Members of the law enforcement agencies remain on alert amid the workers’ unrest. Photo taken in Gazipur on 17 November 2026. Dipu Malakar.’ ক্যাপশনে থাকা একটা ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

প্রথম আলোতে প্রকাশিত ছবি। ছবি: স্ক্রিনশট
প্রথম আলোতে প্রকাশিত ছবি। ছবি: স্ক্রিনশট

অন্যদিকে, আলোচিত ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Shihab Ur Rahman Sikder’ নামের একটি ফেসবুক প্রোফাইলে হুবহু একই ভিডিওপাওয়া যায়। ১৭ নভেম্বর শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘গাজীপুরের সাইনবোর্ডে শ্রমিকদের তীব্র আন্দোলন! বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হলো বিজিবি।’

Shihab Ur Rahman Sikder এর ভিডিও। ছবি: স্ক্রিনশট
Shihab Ur Rahman Sikder এর ভিডিও। ছবি: স্ক্রিনশট

ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘শ্রমিক আন্দোলনের তোপের মুখে বিজিবি কিন্তু পিছুপা হইতেছে। আমরা দেখতে পাচ্ছি দুই গাড়ি বিজিবি আসছিল সাইনবোর্ডে, তারা শ্রমিক আন্দোলনের মুখে এখন পিছু চলে যাচ্ছে।’ এ সময় হাততালির সঙ্গে ‘বিজিবি ভুয়া’ স্লোগানও শোনা যায়। ভিডিওতে বিজিবির পিকআপ ভ্যান, আশপাশের মানুষের অবস্থান এবং ভিডিওর অন্যান্য উপাদানের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এ ছাড়া আরও কিছু (১, ২) ভিডিওতে একই তথ্য পাওযা যায়।

আজকের পত্রিকার তুলনাচিত্র।
আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

গোপালগঞ্জে জনতার বাধায় টহলরত বিজিবির গাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, এটি গত ১৭ নভেম্বর গাজীপুরের সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের সময়ের একটি ভিডিও, যেটিকে গোপালগঞ্জের ঘটনার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত