Ajker Patrika

ফ্যাক্টচেক /লোকোমাস্টার-ওয়েম্যানের হাতাহাতির ভিডিও ছড়াল ট্রেনে বিএনপির চাঁদাবাজি দাবিতে

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ৪৬
লোকোমাস্টার-ওয়েম্যানের হাতাহাতির ভিডিও ছড়াল ট্রেনে বিএনপির চাঁদাবাজি দাবিতে
ট্রেনে বিএনপির চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

চলন্ত ট্রেনে বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে গত ২৯ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওটি শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ১ লাখ ৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ২ হাজার ৯০০ রিয়েকশন, ২০১ কমেন্ট ও ২ হাজার ১০০শেয়ার রয়েছে। পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে ট্রেনের লোকো ক্যাবে দুই ব্যক্তিকে একে অপরের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করতে দেখা যায়। পরে তাঁদের থামাতে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা যায়। এ ছাড়া প্রচারিত ভিডিওর ভেতরে ‘মুজিব সৈনিকেরা ফলো দিয়ে পাশে থাকুন’ ও ‘চাঁদাবাজির জন্য বিএনপি সেরা একটি দল’ লেখা রয়েছে।

অনুসন্ধানে ‘রেল তথ্য নারায়ণগঞ্জ’ নামের একটি ফেসবুক পেজে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ২ মিনিটে হুবহু একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ট্রেন নির্ধারিত স্থানে না থামানোয় লোকোমাস্টার (ট্রেনচালক) ও ওয়েম্যানের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

জাতীয় দৈনিক ‘সমকাল’-এর অফিশিয়াল ফেসবুক পেজেও একই তথ্য দিয়ে ভিডিওটি প্রচার করা হয়েছে। ওই ভিডিও থেকে জানা যায়, ঘটনাটি নরসিংদীর।

দৈনিক সমকাল ও রেল তথ্য নারায়ণগঞ্জের ফেসবুক ভিডিও। ছবি: স্ক্রিনশট
দৈনিক সমকাল ও রেল তথ্য নারায়ণগঞ্জের ফেসবুক ভিডিও। ছবি: স্ক্রিনশট

ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এর ওয়েবসাইটে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘লোকোমাস্টার-ওয়েম্যানের হাতাহাতি, দেড় ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেন’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশনের আউটারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। কয়েকজন রেলওয়ে ওয়েম্যান জোরপূর্বক ইঞ্জিনের লোকো ক্যাবে ওঠার চেষ্টা করলে লোকোমাস্টার বাধা দেন, যার জেরে এই হাতাহাতির সূত্রপাত। নিয়ম অনুযায়ী, ইঞ্জিনে সাধারণ বা অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষেধ। এই ঘটনার জেরে ট্রেনটি সেখানে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে।

এসব প্রতিবেদনের কোথাও বিএনপি কিংবা চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আজকের পত্রিকার তুলনাচিত্র
আজকের পত্রিকার তুলনাচিত্র

সিদ্ধান্ত

চলন্ত ট্রেনে বিএনপির চাঁদাবাজির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। বাস্তবে নরসিংদীতে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাকে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত