Ajker Patrika

ফ্যাক্টচেক /আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে খেলা দেখছেন নেতানিয়াহু—ছবিটি কি সত্য

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২: ১৩
আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে খেলা দেখছেন নেতানিয়াহু—ছবিটি কি সত্য
আর্জেন্টিনার ম্যাচে নেতানিয়াহুর উপস্থিতি দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার সমর্থনে গ্যালারিতে উপস্থিত ছিলেন।

গত ২২ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে ইংরেজি ভাষায় দাবি করা হয়, ‘আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে উপস্থিত বেনিয়ামিন নেতানিয়াহু।’ শেয়ার করা ওই পোস্টটিতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৩ হাজার রিঅ্যাকশন, ৬০৭ কমেন্ট ও ৬৬৫ রিপোস্ট রয়েছে। এই দাবিতে আরও কিছু পোস্ট রয়েছে ( , , )

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ওই ম্যাচটি ২২ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে অস্ট্রিয়াকে হারায়। দলের হয়ে দুই গোলই করেন লিওনেল মেসি, যার মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন এবং আর্জেন্টিনা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে সেদিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অনুষ্টিত ওই ম্যাচে উপস্থিতি থাকার কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। আর্জেন্টিনায় লাতিন আমেরিকার সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের বাস এবং ২০২৩ সালে হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

অনুসন্ধানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে গত ২২ জুন শেয়ার করা একাধিক ( , ) পোস্ট পাওয়া যায়। সেই পোস্টগুলোর থেকে জানা যায়, তিনি সেদিন যুক্তরাষ্ট্রে ছিলেন না; বরং জেরুজালেম শহরে একাধিক রাষ্ট্রীয় কাজে অংশ নেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট
ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভেরিফিকেশন টুলের সহায়তা নেওয়া হয়। এসব ডিজিটাল ফরেনসিক টুলের বিশ্লেষণে জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট
এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

আর্জেন্টিনার জার্সি পরে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো ছবিটি বাস্তব নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত