
সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনালের ভেতরে শত শত মানুষ। সেখানে কাপ্তাইগামী অর্ধশতাধিক বাস। কখন বাস ছাড়বে, সেই অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ ভিড় করেছেন কাউন্টারে। কেউবা বসে ছিলেন সড়কের এক পাশে। কিন্তু সিএনজিচালিত ‘অবৈধ’ অটোরিকশার স্ট্যান্ড বন্ধের দাবিতে গতকাল রোববার কোনো বাসের চাকা ঘোরেনি। ফলে দিনভরই যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে।
বাসমালিক ও চালকেরা জানান, কালুরঘাটের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাইগামী সড়কে সিএনজিচালিত শতাধিক অটোরিকশা চলাচল করে। সেই অটোরিকশার মালিক-চালকেরা চান না এ সড়কে বাস চলাচল করুক। কারণ, এতে তাঁদের চাহিদা কমে যাচ্ছে। তাই তাঁরা প্রায়ই বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ নিয়ে বাস ও অটোরিকশার চালক-মালিকেরা অনেকবার দ্বন্দ্বে জড়িয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাইগামী দিনের শেষ বাস কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় কয়েকজন অটোরিকশাচালক বাসচালককে দ্রুত চলে যেতে বলেন। বাসচালক প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন অটোরিকশার চালকেরা। কয়েকজন বাসযাত্রী সমাধান করার চেষ্টা করলে তাঁদেরও অপমান করেন অটোরিকশার চালকেরা।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। গতকাল বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে আছেন। অনেক যাত্রী ভিড় করেন কাউন্টারে। কিন্তু শেষ পর্যন্ত বাস না চলায় তাঁদের ভোগান্তি পোহাতে হয়।
রাঙ্গুনিয়ার দামাইরহাটগামী মোহাম্মদ শহীদ উল্লাহ বৃদ্ধ ও অসুস্থ বাবাকে চিকিৎসক দেখিয়ে বাস টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। তিনি বলেন, ‘বাস না চলায় ফিরতে পারছি না।’
আরেক যাত্রী হালিমা বেগম বলেন, ‘বাসে মোটামুটি ভাড়ায় অনেকটা নিরাপদে যাতায়াত করতে পারি। কিন্তু অটোরিকশায় দ্বিগুণ ভাড়া নেবে, আবার নিরাপদও নয়। এখন বাধ্য হয়ে অটোরিকশায় যেতে হবে।’
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী বলেন, ‘অটোরিকশাচালকদের আচরণ এমন দাঁড়িয়েছে, তাঁরা শহরের কোনো গাড়িই যেন কাপ্তাই সড়কে ঢুকতে দেবে না। অথচ এসব অটোরিকশার কোনো নিবন্ধনও নেই। তারা এলাকার কিছু ধান্দাবাজ তরুণের সহায়তায় এই অপকর্ম করছে। আমরা বাধ্য হয়ে এই স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।’
এসব অভিযোগের বিষয়ে অটোরিকশাচালক কিংবা মালিক সমিতির কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান চৌধুরী বলেন, ‘শনিবার রাতে যাত্রী ওঠানো নিয়ে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাসমালিকেরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে আমরা নেব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫