স্বাধীনতাযুদ্ধে ছাত্রদের অবদান নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু বায়াত্তরের পর ছাত্র ও তরুণসমাজের স্বপ্ন, সাধ্য এবং প্রাপ্তিতে বিস্তর ফারাক হতে থাকে। এ ছাড়া তরুণসমাজের একটি বড় অংশ র্যাডিক্যাল রাজনীতির চোরাবালিতে পা দেয়।
একবার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে ফেবুতে আমরা এক বিতর্কে জড়িয়েছিলাম। তক্কাতক্কি আমাদের প্রিয়, কিন্তু কাউকে তক্কে অসম্মান করার আমি ঘোর বিরোধী। কোনো মানুষ বা কোনো সময়কে মূল্যায়ন করা খুব সহজ কাজ নয়, কারণ এত সব সূক্ষ্ম উপাদান সম্পর্কে সজাগ থাকতে হয় যে কোনো মূল্যায়নই শেষ বিচারে চূড়ান্ত নয়। অবশ্যই আপেক্ষিক।
সেই তক্কাতক্কির সূত্র ধরে ড. মোরশেদ শফিউল হাসান একটি উত্তর-মন্তব্য দিয়েছিলেন। সেটা আমার মাথার মধ্যে বেশ কিছুদিন আমাকে ভাবাচ্ছে। তাঁর মন্তব্যটি ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র ‘আলোকিত’ মানুষ গড়ছে, কিন্তু তরুণসমাজকে বিরাজনীতিকরণের শিকার করার প্রক্রিয়াকে সাহায্যও করছে। মন্তব্যটি আপাতভাবে খুব সাধারণ মনে হলেও এটি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। ছাত্রদের রাজনীতিবিবর্জিত করার প্রকল্প কাদের নেওয়া এবং কীভাবে রাষ্ট্র তাতে মূল ভূমিকা গ্রহণ করে এবং কেন করে, সে বিষয়ে আমাদের সমাজবিজ্ঞানীরা গত ৪০ বছরে খুব গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন কি না, জানি না। নিজে সাহিত্যের ছাত্র হলেও মোরশেদ ভাই গত চল্লিশ বছর সমাজ ও রাষ্ট্র নিয়েই তাঁর গবেষণা ও লেখালেখি বেশি করেছেন।
বাংলাদেশের চিন্তাচর্চা নিয়ে তাঁর অসাধারণ গ্রন্থটি আমাদের বুদ্ধিবৃত্তিক লেখার জগতে অনেক দিন মাইলস্টোন হয়ে থাকবে মনে হয়। সমাজের রাজনৈতিক খুব কম ক্রাইসিস আছে, যা নিয়ে তিনি লেখেননি। একটা সময় সরকারি চাকরি করার জন্য হাসান শফি নামে লিখেছেন কড়া রাজনীতি বিষয়ে, হোক সে ইসলাম রাষ্ট্রধর্ম বা ‘আল্লাহ হাফেজ’ বা ‘খোদা হাফেজের’ মতো শব্দাবলির ব্যবহার। এগুলো যে একেবারেই ছোট বিষয় নয়, তা বোঝা যায় তাঁর গত চল্লিশ বছরের লেখায়।
কিন্তু ছাত্রদের রাজনীতি করার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দাবি করে। আমাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে এবং সাংবাদিকদের লেখায় দেখা যায় যে আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা অসাধারণ। বায়ান্ন সালের ভাষা আন্দোলনে যে ছাত্ররা জীবনদান করেছেন, তাঁরা প্রায় সবাই এসেছিলেন গ্রামের কৃষক পরিবার থেকে। বাষট্টি সালের শিক্ষা আন্দোলনের চিত্রও তা-ই। উনসত্তরে গণ-আন্দোলন তো আগুন হয়ে লেলিহান রূপ নিয়েছিল ছাত্রদের জন্যই। পুরো ষাটের দশকের উত্তাল আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সব ছাত্র, যাঁরা অধিকাংশই এসেছিলেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত কৃষক পরিবার থেকে। সমাজবদলের স্বপ্ন তাঁদের বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেয়। তাঁরা বুক উঁচিয়ে দেন বারুদের সামনে। এই সব ছাত্রনেতার বেশভূষা, তাঁদের জীবনাচরণ, তাঁদের অর্থ ব্যয়ের ধরন, চলাফেরা এমনকি তাঁদের প্রণয়-জীবনের ধরন বা প্রকৃতি নিয়ে তেমন গবেষণা হয়নি। কিন্তু অধিকাংশ সাধারণ জনগণের তাঁদের প্রতি শ্রদ্ধা এবং মমতা ছিল, তাঁদের মধ্য দিয়ে জনগণ সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখত। ছাত্ররা কি তাঁদের সেই সম্মান নিজেরা হারিয়েছেন, নাকি তাঁদের সেই সম্মান বঞ্চিতকরণের দীর্ঘ পরিকল্পনা নিয়ে তাঁদের এর শিকার করা হয়েছে? এই প্রশ্ন আজও ভালো করে তলিয়ে দেখা হয়নি।
স্বাধীনতাযুদ্ধে ছাত্রদের অবদান নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু বায়াত্তরের পর ছাত্র ও তরুণসমাজের স্বপ্ন, সাধ্য এবং প্রাপ্তিতে বিস্তর ফারাক হতে থাকে। এছাড়াতরুণসমাজের একটি বড় অংশ র্যাডিক্যাল রাজনীতির চোরাবালিতে পা দেয়। তরুণদের চরিত্রের একটা দিক হলো তাঁরা নেশা খোঁজেন, স্বপ্নের নেশা, উজ্জ্বল ভবিষ্যতের নেশা, সফলতার নেশা, প্রেমের নেশা। এর কোনোটাকেই যদি আঁকড়ে থাকতে না পারেন, তাহলে নিজেকে প্রলম্বিত ধ্বংসের নেশায় ডুবিয়ে দিতে চান। সে সময় একদল চতুর ক্ষমতাবান তরুণদের ভিন্ন নেশায় ব্যবহার করে। যেটা মধ্য সত্তরের পরে আমাদের রাজনীতিতে ভয়াবহভাবে সক্রিয় হয়। এটা করার মূল ভূমিকায় ছিল রাষ্ট্র নিজে। পঞ্চাশ ও ষাটের ছাত্রসমাজ ছিল রাষ্ট্রযন্ত্রের প্রতিপক্ষ। তাঁদের পরনে ছিল ছেঁড়া পায়জামা-পাঞ্জাবি, বুকে ছিল দুর্দমনীয় বল, মাথায় ছিল সমাজবদলের স্বপ্ন। রাষ্ট্রকে ভেঙে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে চোয়ালকে শক্ত রেখেছিলেন সর্বদা। তাঁদের সহজে কেনা যেত না। রাষ্ট্র যে মাঝে মাঝে চেষ্টা করেনি, তা নয়। পারেনি।
এরপর পঁচাত্তর আমাদের সমাজকে আমূল বদলে দিল। জেনারেল জিয়া পাকাপোক্তভাবে ক্ষমতা নেওয়ার পর মারাত্মক কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নেন, যার সুদূরপ্রসারী ফলাফল নিয়ে আমাদের রাজনীতিকেরা বা সমাজবিজ্ঞানীরা তখন খুব বেশি ভাবেননি। তার মধ্যে একটি হলো ছাত্ররাজনীতিকে দলীয় রাজনীতির অংশ হিসেবে আইন করা। দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে জেনারেল জিয়া বঙ্গভবনে যে গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্তটি নেন, সেখানে পাঁচজন উপাচার্য এর পক্ষে মত দেন, একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ছাড়া। একমাত্র তিনিই বিপক্ষে মত দেন। শুরু হলো ছাত্রদল গড়ার প্রক্রিয়া এবং তা মূল দল বিএনপির অংশ হিসেবে বিবেচনা করা। আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল নিরুপায় ছিল রাষ্ট্রক্ষমতার কাছে।
বায়ান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত যে ছাত্ররা ছেঁড়া পাঞ্জাবি পরে মুষ্টিবদ্ধ হাত তুলে মিছিলে থাকতেন সারা দিন, তাঁদের সন্তানেরা আটাত্তরের পরে মোটরসাইকেলের ওপর, গলায় সোনার চেইন, গায়ে বিদেশি টি-শার্ট বোতামহারা ও পরনে রেংলার জিনসের প্যান্ট। মাথাভর্তি বাতাসে উড্ডীন ঘন চুল, কখনো কখনো রোকেয়া বা শাসুন্নাহার হল থেকে প্রণয়িনীকে তুলে মোটরসাইকেলের পেছনে বসিয়ে দ্রুতবেগে চন্দ্রিমা উদ্যান অথবা শেরাটনের বারে গিয়ে বিয়ার সেবন। অর্থের জোগান আসত রাষ্ট্রের একটি এজেন্সি থেকে। এই প্রথম আমাদের সমাজে তরুণসমাজকে নিয়ন্ত্রণের ভার নিল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। আমাদের রাজনীতির কোনো কোনো বন্ধু সূর্য সেন বা মুহসীন হলের বা অন্যান্য হলের কয়েকটি কক্ষ নিয়ে অছাত্র বহিরাগত পান্ডা এনে জড়ো করে। তাদের অস্ত্রের জোগান দিল রাষ্ট্র। আরও ট্র্যাজেডির ব্যাপার হলো আমাদের বিবেকবান শিক্ষকেরা এসব দেখেও না দেখার ভান করে সাদা দল, নীল দলের রাজনীতি নিয়ে ব্যস্ত রইলেন। আশির শেষ দিকে ছাত্রদের একটা অংশ ঝিলিক দিয়ে উঠেছিল এরশাদ হটাও আন্দোলনে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ঝিলিক নিভে যায়। পুরো ছাত্রসমাজ রাজনৈতিক দলের কর্মচারীতে রূপ নেয়। যে দল ক্ষমতায় যায়, সেই দলের ছাত্ররা তখন ঠিকাদারি করে। মাঝে মাঝে ক্যাম্পাসে ছাত্রনেতারা গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে টহল দেন।
দুই বা তিন দলের ছাত্র-কর্মচারীর বাইরে যে লাখ লাখ তরুণ, তাদের সামনে তো কোনো স্বপ্ন নেই, তারা কোথায় যাবে। দেশের অসম শিক্ষাব্যবস্থা, ইংরেজি ও বাংলা মাধ্যমের বিস্তর ফারাক, শহর ও গ্রামের স্কুলের বিবর্ধমান দূরত্ব শুধু তাদের ভাগ্যকেই আলাদা করে দিচ্ছে না, সমাজের মানচিত্রটাকেই দ্রুতগতিতে অস্বাস্থ্যকর দুশ্চিকিৎস্য ব্যাধিতে নিমজ্জিত করছে। এর শেষ কোথায়, তা যেমন রাজনীতিকদের ভাবনায় নেই, আমাদের চিন্তকসমাজও খুব বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় না।
মুষ্টিমেয় ধনিকশ্রেণির সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বিদেশে পাড়ি দিচ্ছেন, কেউ কেউ ফিরে এসে বাবার বিশাল ব্যবসার হাল ধরছেন। চকচকে, ঝকঝকে পোশাকে বিদেশি গাড়িতে হাওয়া খাচ্ছে, বারুদের মতো তুবড়ি ছোটাচ্ছে মুখে ইংরেজিতে, আর লাখ লাখ শিক্ষিত তরুণ বেকার, স্বপ্নহীন, ভালোবাসাহীন, হৃদয়হীন গভীর বিষণ্নতার শিকার।
ষাট ছিল মোহাম্মদ ফরহাদ, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিমদের মাদকতায় আচ্ছন্ন তরুণসমাজ, ঘুণেধরা সমাজকে ভেঙে অন্য এক সমাজ গড়ার চিন্তায় বিভোর। ঠিক পঞ্চাশ বছর পর সেই সব উজ্জ্বল নেতা প্রায় সবাই প্রতিষ্ঠানের দোসর। ষাটে শুধু আমাদের ক্যাম্পাসগুলোতেই নয়, ইউরোপে রেজিস দেব্রে, তারিক আলি, কোহেন বেন্দিকট বিপ্লবের আগুন জ্বালানোর চেষ্টায় রত, চে গুয়েভারাকে মার্কিন সেনাদের হাত থেকে ছিনিয়ে আনতে বলিভিয়ার জঙ্গলে রেজিস দেব্রে ও তারিক আলি। পূর্ব বাংলার সব ক্যাম্পাসে ছাত্রসমাজ দুরাচারী পাক-শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে, যা স্বাধীনতাযুদ্ধে গিয়ে পরিণতি পায়।
সেই অপরাজেয় ছাত্রসমাজকে কী করে রাষ্ট্রের এজেন্সি দীর্ঘ পরিকল্পনা নিয়ে বিরাজনীতিকরণের করুণ শিকারে পরিণত করে—তা নতুন করে গবেষণা করা প্রয়োজন। মনে পড়ে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন কবি রফিক আজাদ। একদিন তিনি দায়িত্ব দেন আজকের বিখ্যাত সমাজবিজ্ঞানী ড. মনিরুল ইসলাম খান ও আমার মতো একেবারেই ছাত্ররাজনীতির বাইরের তরুণকে এ বিষয়ে একটি প্রচ্ছদ কাহিনি লিখতে। রোববারের সেই প্রচ্ছদ কাহিনির একটি অংশ, বাংলাদেশের ছাত্ররাজনীতির চারিত্রিক বিবর্তন নিয়ে লিখেছিলেন মুনীর, আর ষাটের ইউরোপের ছাত্র আন্দোলন নিয়ে লিখেছিলাম আমি। দীর্ঘ সেই প্রচ্ছদ কাহিনিটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। আশির গোড়ায় সেই লেখায় আমরা বোঝার চেষ্টা করেছিলাম কীভাবে আমাদের ছাত্রসমাজ একটি অরাজনৈতিক সমাজে পরিণত হতে যাচ্ছে এবং তার ফলাফল কী দাঁড়াতে পারে।
ইদানীং প্রায়ই আমার ভাবনা হয়, কিছুটা উদ্বেগও আমাদের বিবর্ণ, স্বপ্নহীন তরুণসমাজের জন্য।










