Ajker Patrika

বুদ্ধিজীবীদের রাজনৈতিক ও নৈতিক প্রবণতা

আবেদীন কাদের
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
বুদ্ধিজীবীদের রাজনৈতিক ও নৈতিক প্রবণতা

আমাদের সমাজের সত্যিকার নৈতিকতার প্রতীক এবং বুদ্ধিজীবিতার উদাহরণ গত পঞ্চাশ বছরে কে? কাকে আমরা আমাদের রাজনীতি এবং রাষ্ট্র বিষয়ে ভাবতে গিয়ে সত্যিকার অর্থে কোনো বিতর্কহীনভাবে শ্রদ্ধা করতে পারি? কেউ কি আমাদের চোখের সামনে এমন আছেন?

আসলে পাবলিক ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী যে অর্থে পশ্চিমা সমাজ আমাদের শেখায়, অর্থাৎ রাষ্ট্রের দুরাচারের বিরুদ্ধে সর্বক্ষণ মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের প্রতিবাদ করা, সেই মানুষটি কেমন এবং কে? আমরা গত পঞ্চাশ বছরে তেমন মানুষ কম পেয়েছি। এর রাজনৈতিক এবং ঐতিহাসিক কারণ রয়েছে। পঞ্চাশ এবং ষাটের দশকে আমরা এমন একটি সমাজে বাস করতাম, যেখানে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা ভীষণ মানসিক পীড়ায় ভুগতেন মাতৃভূমির দুর্দশার কথা ভেবে। তাঁরা পাকিস্তান নামক রাষ্ট্রের দুরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আর নিজেদের অজান্তেই বাঙালি জাতীয়তাবাদের ছায়ায় নিজেরা আশ্রয় নিয়েছেন, জাতীয়তাবাদ একধরনের বিষ–এ কথা তেমন আমলে না নিয়েই। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য। কিন্তু শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা সেটা সমর্থন করেছেন কিছুটা সুদূরপ্রসারী চিন্তা না করে। সেটা সে সময়ের জন্য সঠিক থাকলেও বাহাত্তর-পরবর্তী রাজনীতিতে লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের কোনো দলীয় রাজনীতি সমর্থন করা ঠিক হয়েছিল কি না, তা আজ বিশ্লেষণের সময় এসেছে।

স্বাধীনতার পর আমাদের যেসব বুদ্ধিজীবী পঞ্চাশ এবং ষাটের দশকে তীব্র সংগ্রামে লিপ্ত ছিলেন, পাকিস্তান রাষ্ট্রের দুরাচারের বিরুদ্ধে তাঁরা প্রায় কেউই বুঝতে পারেননি যে তাঁদের কারোর দলীয় রাজনীতির ছায়ায়, এমনকি তা আওয়ামী লীগ হলেও, আশ্রয় নেওয়া উচিত নয়। কারণ, রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগকেও দুরাচারী করে ফেলতে পারে, এমনকি তা বঙ্গবন্ধুর মতো, পাহাড়ের মতো দেশপ্রেমিক নেতৃত্বে থাকলেও। আমাদের বুদ্ধিজীবীদের অধিকাংশই যেহেতু বিশ্ববিদ্যালয়নির্ভর, তাই বিশ্ববিদ্যালয় রাজনীতির জন্য বা শিক্ষকদের জাগতিক সুবিধার জন্য বঙ্গবন্ধুর উদারতার সুযোগ নিয়ে আমাদের অধ্যাপকেরা যেমন নিজেদের আখের গুছিয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আদায়ের মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংস করেছেন। অন্যদিকে আমাদের স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া বুদ্ধিজীবীদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে হতাশ হয়েছেন, কেউ কেউ রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নিজেদের কলুষিত করেছেন। আর সে সময় আওয়ামীবিরোধী চৈনিক রাজনীতির অনেক বুদ্ধিজীবী সরকার-বিরোধিতায় মেতে উঠেছেন। তাঁদের মধ্যে একমাত্র অধ্যাপক বদরুদ্দীন উমর বা আহমদ শরীফ ছাড়া কাউকেই খুব বেশি একটা শ্রদ্ধা করা যায় না তাঁদের ব্যক্তিগত ও নৈতিক স্খলনের জন্য।

আমার কাছে মনে হয় একমাত্র বদরুদ্দীন উমরই পাবলিক ইন্টেলেকচুয়াল, যাঁকে রাষ্ট্র কিনতে পারেনি, যাঁর নৈতিক স্খলন ঘটেনি কোনো জাগতিক সুবিধার জন্য। তাঁর রাজনীতি আমি কোনো দিন সমর্থন করি না, কিন্তু মানুষটির জাগতিক অর্থে সততা তুলনাহীন। তিনি নমস্য। কিন্তু তাঁর লেখা বা বক্তৃতায় তিনি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু সম্পর্কে যে ভাষায় কথা বলেন, তা দুঃখজনক এবং কিছুটা ব্যথিত হওয়ার মতো। এ ছাড়া মানুষটির বুদ্ধিজীবী হিসেবে অবস্থান সত্যিই প্রশংসনীয়। তাঁর লেখা নিয়েও অনেকে সমালোচনা করেন, আমার বন্ধু অধ্যাপক শিবলী আজাদ তাঁদের মধ্যে একজন। শিবলী অধ্যাপক উমরের ‘সাম্প্রদায়িকতা’ বইটি নিয়ে সম্প্রতি একটি মন্তব্যে তাঁর জাতীয়তাবাদ বিষয়ে তাত্ত্বিক পড়াশোনার ন্যূনতা বিষয়ে মন্তব্য করেছেন। আমি বলি, আমাদের পণ্ডিতদের খুব কম মানুষের আধুনিক সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক লিটারেচার নিয়ে জানাশোনা ভালো আছে, এটুকু বাদ দিলে অধ্যাপক উমর প্রায় ষাট বছর যাবৎ একজন বুদ্ধিজীবী হিসেবে নৈতিকতার প্রতীক হয়ে আছেন আমাদের সমাজে।

চৈনিক রাজনীতি বা বুদ্ধিজীবিতার মঞ্চ যে পত্রিকা সাপ্তাহিক ‘বিচিত্রা’ তার জনা তিনেক মোড়ল শাহাদত চৌধুরী, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন আমাদের বুদ্ধিজীবী সমাজের যে ক্ষতি করেছেন এ পত্রিকাটির মাধ্যমে, বিশেষ করে এরশাদ ও সেনাবাহিনীর পদলেহন করে, তার ইতিহাস রচনা হওয়া প্রয়োজন। বছর শেষে বিচিত্রার উদ্যোগে যে পার্টির আয়োজন হতো, মদের ফোয়ারা বসত, সেখানে যেসব বুদ্ধিজীবী এবং সেনা কর্মকর্তারা পার্টিতে যোগ দিতেন, তার ইতিহাস রচনা হলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের একটা চিত্র পাওয়া যাবে। আর সেই শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন আজ আওয়ামী সরকারের বড় সাংস্কৃতিক মোড়ল, বলা যায় রাষ্ট্রীয় ক্ষমতার উচ্ছিষ্টভোগী সাংস্কৃতিক মোড়ল। মুনতাসীর মামুন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ড, ফারমার্স ব্যাংক এবং অন্যান্য বিষয় নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। মাত্র কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু অধ্যাপক নিয়োগ নিয়ে অধ্যাপক সনৎ কুমার সাহার মতো একজন অধ্যাপক-সন্তকে বাদ দিয়ে নিজের চামচাকে সেই পদে নিয়োগ দেওয়ারও তিনি চেষ্টা করেছেন, পারেননি শুধু অধ্যাপক কাসেমসহ কয়েকজন লড়াকু বুদ্ধিজীবীর চেষ্টায়।

আসলে আমাদের বুদ্ধিজীবীরা একটি বিষয় আমলে নেন না, তা হলো পাবলিক বুদ্ধিজীবীর রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু দলীয় রাজনীতিকে আশ্রয় করে কিছু করা ঠিক নয়। কারণ, যেকোনো দল ক্ষমতায় গেলেই দানবে পরিণত হয়। এ বিষয়ে একমাত্র অধ্যাপক উমরকে ছাড়া খুব বেশি মানুষকে খুঁজে পাওয়া যায় না, যেসব অধ্যাপক বা বুদ্ধিজীবী ক্ষমতার উচ্ছিষ্ট থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন। সে জন্যই মানুষটি অনন্য! কদিন আগে তিনি নব্বইয়ে পা দিলেন, তাঁর দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমাদের সমাজের বুদ্ধিজীবীদের আরেকটি দীনতা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁরা সত্যিকার নৈতিক বুদ্ধিজীবীকে শ্রদ্ধা করতে পারেন না। এটা দুঃখের। তবে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতির কয়েকজন বুদ্ধিজীবী লেখকও তাঁদের নৈতিক অবস্থানের জন্য বিশেষভাবে শ্রদ্ধেয় আমার কাছে। জানি না আমার সমকালীন বুদ্ধিজীবী বন্ধুরা সেটা মানবেন কি না। তাঁদের মধ্যে অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, অধ্যাপক সৈয়দ আজিজুল হকসহ আরও কয়েকজনের নাম করা যেতে পারে।

আরেকজন সদ্য প্রয়াত কবি, যিনি ছিলেন ভীষণ নীরব, কিন্তু সত্যিকার অর্থে সাংস্কৃতিক যোদ্ধা এবং আমাদের সাহিত্যিক ও শিল্পীদের রুচি নির্মাণের প্রায় ধাত্রীর ভূমিকায়, তাঁর নৈতিক অবস্থানও বিশেষভাবে শ্রদ্ধেয়। তিনি কবি ও সম্পাদক আবুল হাসনাত। আরও কয়েকজনের নাম করা যায়, কিন্তু তাঁরা বেশ তরুণ। আমার শ্রদ্ধেয় বন্ধু ড. সলিমুল্লাহ খানও বিশিষ্ট বুদ্ধিজীবী এবং পাবলিক ইন্টেলেকচুয়াল এবং লেখক হিসেবে আহমদ ছফাকে শীর্ষস্থানীয় মনে করেন, কিন্তু আমার নিজের বিচারে আহমদ ছফার ‘গণকণ্ঠ’-এ লেখা অনেক রাজনৈতিক নিবন্ধে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য আমার কাছে রুচির ন্যূনতা দ্বারা আক্রান্ত। তা ছাড়া, তাঁর নৈতিক অবস্থান লিবিয়া এবং জার্মান দূতাবাসের সঙ্গে সম্পর্ক দ্বারা কলুষিত। বুদ্ধিজীবী হিসেবে মানুষটির শক্তিশালী অবস্থান থাকার পরও নিজেকে তিনি জাগতিক মোহ থেকে মুক্ত রাখতে পারেননি, তাঁর এই বিদেশি আর্থিক সম্পর্কের কারণে!

আমাদের লেখক-সাহিত্যিকদের মধ্যে সত্যিই যাঁরা বুদ্ধিজীবীর ভূমিকায় আছেন, তাঁদের উদ্দেশে বলা যায়, আমাদের মনে রাখা প্রয়োজন, আমরা একটি বড় সাংস্কৃতিক দুর্বিপাকের মধ্য দিয়ে এগোচ্ছি, আমাদের সৃজনশীলতার উৎকৃষ্টতার চেয়ে জরুরি আমাদের নৈতিক অবস্থানের শ্রেষ্ঠতা। তাই লেখক বা বুদ্ধিজীবীর ভূমিকা পালনের সময় আমাদের বুদ্ধিজীবীদের এ বিষয়টি মনে রাখা প্রয়োজন বলে মনে করি।

আবেদীন কাদের,  প্রাবন্ধিক ও শিক্ষক, এসেক্স কলেজ, নিউজার্সি, যুক্তরাষ্ট্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত