
পৌষের শেষভাগে এসে শৈত্যপ্রবাহ চলছে, প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। আজ মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া উল্লেখযোগ্য। এসব অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে দেশের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকলেও ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তা কমতে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিশেষ করে মঙ্গল ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে এই দুই দিন শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে, ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে এবং ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।

মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে