Ajker Patrika

হিমালয়ে শামুক খেকো, গোপনচারী, শিংওয়ালা নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান

আজকের পত্রিকা ডেস্ক­
হিমালয়ে শামুক খেকো, গোপনচারী, শিংওয়ালা নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান
ভারতে প্রথমবারের মতো ‘জিংগোফ্রিস তানোগোগো’ বা শামুক-খেকো শিংওয়ালা ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। ছবি: বিবিসি

ভারতের পূর্ব হিমালয় অঞ্চলে ক্ষুদ্রাকৃতির শিংযুক্ত ব্যাঙের (হর্নড ফ্রগ) পাঁচটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই আবিষ্কারের ফলে ব্যাঙের সংশ্লিষ্ট গোষ্ঠীটির পরিচিত প্রজাতির সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। পাঁচ বছর ধরে মাঠপর্যায়ে গবেষণার পর ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এসব প্রজাতি শনাক্ত করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি জানায়, নতুন প্রজাতিগুলো ‘জিঙ্গোফ্রিস’ (Jingophrys) গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ‘জিঙ্গোফ্রিস তানোগোগো’ (Jingophrys tanogogo), যার পরিচিতি শামুকখেকো শিংযুক্ত ব্যাঙ হিসেবে। ভারতে এই প্রথম কোনো ব্যাঙের শামুক খাওয়ার বিষয়টি শনাক্ত হলো। একই সঙ্গে ব্যাঙের এই পরিবারের মধ্যেও এমন খাদ্যাভ্যাসের প্রথম নজির এটি।

গবেষকদের মতে, ব্যাঙের বিবর্তনে হিমালয়ের ভূমিকা আগে যতটুকু ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবিষ্কারটি অঞ্চলটিকে জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ, অথচ তুলনামূলকভাবে উপেক্ষিত কেন্দ্র হিসেবে তুলে ধরেছে।

গবেষণাটির নেতৃত্ব দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুওলজির গবেষক ড. সোনালি গার্গ। তাঁর সঙ্গে ছিলেন জেমস হ্যাঙ্কেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এসডি বিজু, তাগে তাজো ও রাধাকৃষ্ণ উপাধ্যায় কে। ‘টু-ফোল্ড হিডেন ডাইভার্সিটি অব ডিমিনিউটিভ হর্নড ফ্রগস’ শীর্ষক গবেষণাটি ১১ নভেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়।

গবেষক এসডি বিজু বলেন, নতুন প্রজাতিগুলোর কয়েকটি অত্যন্ত গোপনচারী। প্রত্যন্ত বনাঞ্চলে প্রজনন মৌসুমের অল্প কিছু সময়েই এদের দেখা মেলে। এসব ব্যাঙের জীবনধারা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, কয়েক মিলিয়ন বছর ধরে হিমালয় পর্বতমালার উত্থান এবং এশীয় মৌসুমি বায়ুর বিকাশের সঙ্গে সঙ্গে এসব ব্যাঙ দ্রুত বিবর্তিত হয়ে একাধিক প্রজাতিতে বিভক্ত হয়েছে।

নতুন পাঁচটি প্রজাতির নাম রাখা হয়েছে তানি, তানো গোগো, সিয়াং, হার্ডি এবং উ-লারসন শিংযুক্ত ব্যাঙ। স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা ও জ্ঞান এই আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তানি জনগোষ্ঠীর নামে রাখা হয়েছে ‘জিঙ্গোফ্রিস তানিতাতি’। স্থানীয় আপাতানি ভাষায় ‘তাত্তি’ শব্দের অর্থ ব্যাঙ।

গবেষকদের মতে, পূর্ব হিমালয়ের বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো স্বল্প গবেষিত এলাকায় আরও অনুসন্ধান চালালে অজানা বহু প্রজাতির সন্ধান মিলতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত