Ajker Patrika

অ্যালেন স্বপনের নতুন সিজনে নেই মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অ্যালেন স্বপনের নতুন সিজনে নেই মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা
সাদিয়া জাহান প্রভা ও রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

২০২২ সালে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথম দেখা যায় অ্যালেন স্বপনকে। চরিত্রটি দর্শকপ্রিয়তা পাওয়ায় পরের বছর নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। আবারও এই চরিত্রে বাজিমাত করেন নাসির উদ্দিন খান। গত বছর আসে সিরিজটির দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে মাইশেলফ অ্যালেন স্বপনের তৃতীয় সিজন।

প্রথম দুই সিজনে নাসির উদ্দিন খানের সঙ্গে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। শায়লা চরিত্রে তিনিও ছিলেন বেশ আলোচনায়। জানা গেছে, তৃতীয় সিজনে অ্যালেন স্বপন হয়ে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না মিথিলা। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। মূলত এ কারণে অ্যালেন স্বপনের নতুন সিজনে যুক্ত হতে পারেননি মিথিলা। জানা গেছে, শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছিল সিরিজটির টিম।

ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে প্রভা এখনো শুটিংয়ে যোগ দেননি; এ মাসের শেষ দিকে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হবে। এতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ।

আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন সিজন নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও গত মাসে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার দেখা যাবে নতুন গল্প, যুক্ত হবে বেশ কিছু নতুন চরিত্র। জানা গেছে, এই সিজনের গল্পের প্রেক্ষাপট হবে ঢাকা শহরকেন্দ্রিক।

সর্বশেষ ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। তবে আলোচনার দিক থেকে প্রথম সিজনের তুলনায় কিছুটা পিছিয়ে ছিল এটি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। এ কারণেই তখন অ্যালেন স্বপন নিয়ে মনোযোগের কিছুটা ঘাটতি ছিল বলে মনে করেন নির্মাতা। তবে এবার আটঘাট বেঁধে নেমেছেন তৃতীয় সিজন নির্মাণে। সব ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে অ্যালেন স্বপনের নতুন সিজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত