Ajker Patrika

প্রথমবার জুটি হয়ে আসছেন বাসার ও সারিকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার জুটি হয়ে আসছেন বাসার ও সারিকা
‘সেলফি’ ওয়েব ফিল্মে খায়রুল বাসার ও সারিকা সাবাহ। ছবি: হইচইয়ের সৌজন্যে

প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। ‘সেলফি’ নামের একটি ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা যাবে তাঁদের। মুশফিকা মাসুদ পরিচালিত এক ঘণ্টার এই কনটেন্টে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিনেমাটি।

নতুন এই কাজ নিয়ে খায়রুল বাসার বলেন, ‘সেলফির গল্প আর চরিত্র আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। পরিচালক মুশফিকা মাসুদ ও সহশিল্পী সারিকার সঙ্গে এটি আমার প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা ছিল। এখন অপেক্ষা দর্শকের কাছে আমাদের কাজটি পৌঁছানোর।’

সারিকা সাবাহ বলেন, ‘প্রতিটি কাজে ভালো-মন্দ মিলিয়ে নানা অভিজ্ঞতা থাকে। তবে সেলফির যাত্রাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জন্য খুব সুন্দর ছিল। এর সবচেয়ে বড় কারণ, গল্পটার সঙ্গে আমি ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। প্রথম যখন গল্পটা শুনি, তখনই মনে হয়েছিল এই গল্পের অংশ হতে চাই।’

সিনেমাটির গল্পের সূত্রপাত নিয়ে নির্মাতা মুশফিকা মাসুদ বলেন, ‘নিউইয়র্কে ফিল্ম স্কুলে পড়ার সময় ছোট একটি হরর ফিল্ম হিসেবে সেলফির গল্পটি লিখেছিলাম। পরে হইচইয়ের সঙ্গে বেশ কয়েকটি গল্প শেয়ার করি। সবার পছন্দ হয় সেলফি। নির্মাতা হিসেবে এই আস্থা আমাকে দারুণ সাহস জুগিয়েছে। সেই সাহস থেকেই হরর, রোমান্স আর থ্রিলারের মিশেলে নিখাদ সম্পর্ক ও মানবিক বন্ধনের একটি গল্প বলার চেষ্টা করেছি।’

সেলফির ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন মুশফিকা মাসুদের স্বামী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এর আগে ‘লাভ সিটার’ ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন এই নির্মাতা দম্পতি। এ প্রসঙ্গে মুশফিকা বলেন, ‘বাংলাদেশে নির্মাতা হিসেবে আমার পথচলা খুব বেশি দিনের নয়। এত দিন আমার সহযাত্রী ও সহনির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে কাজ করেছি। তবে সেলফি যেহেতু আমার নিজের ভাবনা ও গল্প, তাই অমিতাভ এবার পেছনে থেকে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত