Ajker Patrika

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

নব্বইয়ের দশক থেকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এর ধারাবাহিকতায় ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে।

এবারের ইত্যাদিতে রয়েছে তিনটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলম। নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে রয়েছে কাজী নজরুল ইসলামের গান, গেয়েছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারী। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের লেখা গানটি গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি।

প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক পর্বে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকেরা জয়পুরহাটের অন্যতম প্রধান পণ্য সুস্বাদু লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন। আরও রয়েছে সমাজ সচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোলট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাক্‌প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন।

নিয়মিত আয়োজন হিসেবে থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তির্যক নাট্যাংশ। এতে উঠে আসবে দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর ইত্যাদি বিষয়। অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, আব্দুল আজিজ, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, শাহেদ আলী, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আবু হেনা রনি প্রমুখ।

নতুন পর্বটি প্রচারিত হবে ২৭ নভেম্বর বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত