মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে আরটিভির নতুন ধারাবাহিক

মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, আবেগ আর জীবনের নানা বাস্তবতা নিয়ে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এই ঘর এই সংসার’। শহীদ উন নবীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি আগামী ১ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে।
সম্প্রতি নাটকটির ট্রেলার প্রকাশ করে প্রচারের সময়সূচি জানিয়েছে আরটিভি। ট্রেলারে উঠে এসেছে এক পরিবারের সংগ্রামের গল্প। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বাবা। পরিবারের হাল ধরতে টিউশনি শুরু করে বড় মেয়ে মায়া। কিন্তু ছোট দুই ভাই-বোনের স্বপ্ন উচ্চবিত্তের মতো জীবন কাটানো। এ নিয়ে বড় বোনের সঙ্গে তৈরি হয় দ্বন্দ্ব। একপর্যায়ে দ্রুত ধনী হওয়ার লোভে অপরাধে জড়িয়ে পড়ে ছোট ভাই। অন্যদিকে অফিসের টাকার হিসাব নিয়ে অপমানিত হতে হয় মায়ার বাবাকে। এমন নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই এগিয়ে চলে মায়ার জীবন।
ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র মায়ার ভূমিকায় অভিনয় করেছেন সামিরা খান মাহি। এ ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মিলি বাশার, সিয়াম মৃধা, নিঝুম, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারীসহ অনেককে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা শহীদ উন নবী বলেন, এই ঘর এই সংসার নামের মধ্যেই পারিবারিক জীবনের নানা দিক, সম্পর্কের টানাপোড়েন ও সংসারকেন্দ্রিক বাস্তবতার প্রতিফলন রয়েছে। একটি পরিবারকে ঘিরে মানুষের আবেগ, ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্পর্কের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
গত মাসের শেষ দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিরা খান মাহি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, গল্পটি দর্শকদের পছন্দ হবে। বর্তমানে এই অভিনেত্রী আছেন পুয়ের্তো রিকোতে; সেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেই কিসলু গোলাম হায়দারের ‘মস্তান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন মাহি। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা প্রমুখ।







-7e801c-256x144.webp)

