Ajker Patrika

দেড় দশকের নির্বাসন শেষে সিরিয়ায় ফিরলেন আসসালা নাসরি

বিনোদন ডেস্ক
দেড় দশকের নির্বাসন শেষে সিরিয়ায় ফিরলেন আসসালা নাসরি
আসসালা নাসরি। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।

২০১১ সালে সিরিয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হলে আসসালা প্রকাশ্যে শান্তিকামী জনতার পক্ষ নেন। আসাদ সরকারের তোপের মুখে পড়ে তিনি সিরিয়ান আর্টিস্ট ইউনিয়ন থেকে বহিষ্কৃত হন এবং রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হয়। একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়ে পরিবার নিয়ে মিসরের কায়রোতে স্থায়ী হন তিনি।

২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ক্ষমতার পালাবদল ঘটলে নতুন প্রশাসন আসসালাকে দেশে ফেরার আমন্ত্রণ জানায়। বৃহস্পতিবার রাতের কনসার্টে নতুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন সালেহ উপস্থিত হয়ে আসসালাকে ‘দামেস্কের কন্যা’ আখ্যা দেন।

মঞ্চে দাঁড়িয়ে ৫৭ বছর বয়সী আসসালা নাসরি দর্শকদের উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি। বছরের পর বছর আমি এই দিনটির স্বপ্ন দেখেছি।’ কনসার্টের টিকিট বিক্রির মোট আয়ের অর্ধেক বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অনুদানের ঘোষণা দেন তিনি।

আসসালার এই কনসার্ট ঘিরে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। কারণ দেশটির কিছু রক্ষণশীল গোষ্ঠী অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলেছিল। তবে সেসব উপেক্ষা করে আসসালা নাসরি কনসার্টের মঞ্চে স্পষ্ট বার্তা দেন, দীর্ঘ যুদ্ধের ক্ষত পেরিয়ে দেশের পুনর্জাগরণ সম্ভব কেবল শিল্প ও সংস্কৃতির পথ ধরেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত