কনসার্ট ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার জেরে তীব্র সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনকে ‘চরম বিপর্যয়কর ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতির জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে গান শুরুর আগে আবেগঘন বক্তব্য দেন এড শিরান। তিনি বলেন, ‘আমার গানের সমালোচনা হতে পারে, আমি তা মেনে নিতে অভ্যস্ত। কিন্তু গত সপ্তাহের বিতর্কটি ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ একটি সংকট নিয়ে। আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি ভুল করেছি এবং এর জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি কখনোই কোনো অ্যাকটিভিস্ট বা রাজনৈতিক সংগীতশিল্পী হতে চাইনি। কিন্তু এই পরিস্থিতি আমাকে বাক্স্বাধীনতা ও পৃথিবীর সবচেয়ে জটিল রাজনৈতিক দ্বন্দ্বের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে।’
কনসার্টকে কেন্দ্র করে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে তৈরি হয়েছিল থমথমে পরিবেশ। ভেন্যুর বাইরে জড়ো হয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। দর্শকেরা ক্ষুব্ধ হয়ে মঞ্চে কিছু ছুড়ে মারবেন কি না, তা নিয়ে আতঙ্কে ছিলেন শিরানও। সেই আশঙ্কায় দর্শকদের কাছাকাছি যাওয়ার জন্য তৈরি বিশেষ বি-স্টেজ ব্যবহারের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করেন তিনি।
আজীবন রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করলেও গাজার বর্তমান পরিস্থিতিকে নিছক রাজনীতি হিসেবে দেখতে নারাজ শিরান। তিনি বলেন, ‘এটি একটি গভীর মানবিক সংকট। এ নিয়ে নিজের অনুভূতি চেপে রাখা সম্ভব নয়। ৭ অক্টোবর ইসরায়েলে যা ঘটেছিল, তা ছিল ভয়াবহ। কিন্তু বর্তমানে গাজায় যা ঘটছে, তা এক মহাবিপর্যয়, সম্পূর্ণ অমার্জনীয় ও চরম অসংগতিপূর্ণ। বেসামরিক লোক ও নিষ্পাপ শিশুদের প্রাণহানির দৃশ্য হৃদয় ভেঙে দেয়। পাশাপাশি পশ্চিম তীরে যে কাঠামোগত অবিচার চলছে, তা-ও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’ তিনি জানান, যুদ্ধপীড়িত মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সে বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি আলোচনা শুরু করেছেন।
বিতর্কের সূত্রপাত চলতি মাসের শুরুতে নিউ জার্সির কনসার্টে। সেখানে শিরানের সঙ্গে পারফর্ম করার সময় ম্যাকলমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং তাঁর আলোচিত প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন। এর প্রতিবাদে কিছু ইসরায়েলপন্থী সংগঠন ক্ষোভ জানালে এবং ভেন্যু কর্তৃপক্ষ আপত্তি তুললে শিরানের লুপ ট্যুরের বাকি কনসার্টগুলো থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়।
ম্যাকলমোরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে একে একে ট্যুর বয়কট করে শিরানের দীর্ঘদিনের সহযোগী আইরিশ ব্যান্ড বিওগা, গায়ক ফিনিয়াস, অ্যারন রো এবং ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম। সহশিল্পীরা সবাই সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে নতুন কিছু বাদ্যযন্ত্রী নিয়ে একরকম একা হয়ে শনিবার ফিলাডেলফিয়ার মঞ্চে দাঁড়াতে হয় শিরানকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১৬ মিনিট আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার প্রেক্ষাপট। বর্তমান সময়ের আলোকেই নির্মিত হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। এবার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।
১৪ ঘণ্টা আগে
দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম...
১ দিন আগে