বিশ্বসংগীত

কে-পপপ্রেমীদের জন্য মন খারাপের খবর। দীর্ঘ এক দশকের সফল পথচলা শেষে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘কার্ড’। সোমবার বিবৃতি প্রকাশ করে কার্ডের অফিশিয়াল বিলুপ্তির ঘোষণা দিয়েছে ব্যান্ডটির এজেন্সি ডিএসপি মিডিয়া।
কে-পপ ইন্ডাস্ট্রিতে সাধারণত শুধু ছেলেদের (বয়ব্যান্ড) কিংবা শুধু মেয়েদের (গার্লব্যান্ড) নিয়েই ব্যান্ড তৈরির প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু ২০১৬ সালে যখন জেসেফ, বিএম, সোমিন ও জিউ—এই চার সদস্যকে নিয়ে কার্ড ব্যান্ডের যাত্রা শুরু হয়, তখন তাঁরা এই চেনা ছক সম্পূর্ণ ভেঙে দিয়েছিলেন। ছেলে ও মেয়ের এই ভিন্নধর্মী ‘কো-এড’ কম্বিনেশন বিশ্বজুড়ে, বিশেষ করে লাতিন আমেরিকা ও ইউরোপের শ্রোতাদের মাঝে তুমুল আলোড়ন তৈরি করেছিল।
এক দশকে কার্ড উপহার দিয়েছে ‘ওহ না না’, ‘টেল মাই মামা’, ‘হোলা হোলা’, ‘রাইড অন দ্য উইন্ড’, ‘ডোন্ট রিকল’, ‘রিং দ্য অ্যালার্ম’, ‘রেড মুন’সহ শ্রোতাপ্রিয় অনেক গান। এর আগে কয়েকটি মিনি অ্যালবাম প্রকাশ করেছিল তারা।
২৮ জুলাই প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ডটির প্রথম ফুললেন্থ স্টুডিও অ্যালবাম ‘হোয়্যার টু নাউ? (পার্ট টু): নোহোয়্যার’। আর এটিই হতে যাচ্ছে ব্যান্ডটির শেষ অ্যালবাম। কারণ, অ্যালবামটি প্রকাশের পর এবং আগস্ট-সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত সংগীতসফর ‘নাউ হেয়ার ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে কার্ড ব্যান্ড।
সাধারণত এজেন্সির সঙ্গে শুরুর দিকে কে-পপ ব্যান্ডগুলোর সাত বছরের চুক্তি থাকে, যা অনেক গ্রুপই পার করতে পারে না। কিন্তু কার্ডের সদস্যরা তাঁদের পারস্পরিক সম্পর্ক ও গ্লোবাল জনপ্রিয়তার জেরে সফলভাবে ১০ বছর একসঙ্গে পার করেছে। ২০২৬ সালের জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এজেন্সি ও সদস্যদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁরা গ্রুপ হিসেবে নিজেদের কার্যক্রমের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রুপ হিসেবে পথচলা এখানেই থমকে গেলেও, কার্ডের চার সদস্যই পরবর্তী সময়ে যাঁর যাঁর ব্যক্তিগত ক্যারিয়ারে সংগীত, মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে।
ব্যান্ডটির বিদায়লগ্নে ভক্তদের উদ্দেশে ডিএসপি মিডিয়া তাদের বিবৃতিতে লিখেছে, ‘চার সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন অ্যালবাম ও সংগীত সফরের মাধ্যমেই সমাপ্তি ঘটবে কার্ড ব্যান্ডের। এত বছর ধরে পাশে থাকার জন্য শ্রোতাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আশা করছি, ব্যান্ডের সদস্যরা যখন ব্যক্তিগত ক্যারিয়ার শুরু করবেন, তখনো আগের মতোই সমর্থন ও উৎসাহ দিয়ে তাঁদের পাশে থাকবেন।’

অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ চুরির ঘটনা নিয়ে অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক এক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দীন শাহের একটি পুরোনো ভিডিও। ২০২০ সালের ওই সাক্ষাৎকারে অনুপম খেরের রাজনৈতিক মতাদর্শের তীব্র সমালোচনা করে তাঁকে ‘জোকার’...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে। সঞ্জয়ের পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ।
১৬ ঘণ্টা আগে
নাচের ছন্দে ও তালে বর্ষা উদ্যাপন করবে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। ১৭ জুলাই ঢাকার চারুকলার বকুলতলায় আয়োজন করা হবে বর্ষার নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’। অর্থী আহমেদ ড্যান্স একাডেমির সঙ্গে অনুষ্ঠানটির যৌথ আয়োজনে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্দেশনা দিচ্ছেন নৃত্যশিল্পী অর্থী আহমেদ। এ বছর একুশে পদক পাওয়ার....
১৭ ঘণ্টা আগে
পাঞ্জাবের সাম্প্রতিক ইতিহাসে দিলজিৎ দোসাঞ্জের ‘সতলুজ’ সিনেমার মতো এত বড় বিতর্ক ও আলোড়ন খুব কম সিনেমাই তৈরি করতে পেরেছে। জশবন্ত সিং খালরা নামের এক শিখ মানবাধিকারকর্মীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমা মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে জি-ফাইভের ভারতীয় ক্যাটালগ থেকে সরিয়ে নেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে