Ajker Patrika

আজীবন সম্মাননায় আল পাচিনো

বিনোদন ডেস্ক
আজীবন সম্মাননায় আল পাচিনো
ছবি: সংগৃহীত

হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অ্যাক্টর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে। অভিনয়শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া গুণী তারকাদের প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

৮৬ বছর বয়সী এই তারকার অবদান সম্পর্কে স্যাগ-আফট্রার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ—সব মাধ্যমেই আল পাচিনো তাঁর বৈচিত্র্যময় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। অসাধারণ সব চরিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি তিনি বিশ্বজুড়ে বহু প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করেছেন।

সংগঠনটির প্রেসিডেন্ট শন অ্যাস্টিন বলেন, ‘আল পাচিনোর মতো এক জাদুকরি প্রতিভাকে আমি আজীবন বিস্ময় নিয়ে দেখেছি। পর্দায় তাঁর অভিনয় দেখা মানে একই সঙ্গে একজন ছাত্র ও একজন মাস্টারকে দেখা। এমন বিরল প্রতিভার অভিনেতাকে আমাদের সর্বোচ্চ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।’

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে আল পাচিনো বলেন, ‘জীবনের অনেকটা সময় আমি উদ্দেশ্যহীনভাবে কাটিয়েছি, কিন্তু চিত্রনাট্য আর সহশিল্পীদের মাঝেই সব সময় নিজের আপন ঠিকানা খুঁজে পেয়েছি। স্যাগ-আফট্রার কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক সম্মানের।’

‘সেন্ট অব আ ওম্যান’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জেতা আল পাচিনোর ঝুলিতে রয়েছে টনি, এমি, গোল্ডেন গ্লোবসহ বিশ্বের প্রায় সব বড় সম্মাননা। ‘দ্য গডফাদার’ ট্রিলজি, ‘সার্পিকো’, ‘ডগ ডে আফটারনুন’, ‘অ্যান্ড জাস্টিস ফর অল’, ‘ডিক ট্রেসি’ ও ‘দ্য আইরিশম্যান’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি ইতিহাসের অংশ হয়ে আছেন। অভিনয়ের বাইরে সুবিধাবঞ্চিতদের নাট্যচর্চায় সহায়তা, অসুস্থ ও পঙ্গু মানুষের সেবায় এগিয়ে আসা এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েও প্রশংসা কুড়িয়েছেন আল পাচিনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত