
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর। দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার দেলুপির সঙ্গে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’ শিরোনামে উপস্থাপিত হবে।
দেলুপির সঙ্গে অনুরাগ কশ্যপের যুক্ত হওয়ার ঘটনাকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পরিচালক তাওকীর ইসলাম। তিনি জানান, সিনেমাটি দেখার পর অনুরাগ কশ্যপ এটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এর গল্প, নির্মাণশৈলী এবং সিনেমার ভিজ্যুয়াল ভাষা তাঁর এতটাই ভালো লাগে যে তিনি দেলুপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
তাওকীর ইসলাম বলেন, ‘আমরা খুবই আনন্দিত ও অভিভূত। অনুরাগ কশ্যপের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত হচ্ছেন, এটি শুধু দেলুপির জন্য নয়, বাংলাদেশের সিনেমার জন্যও বড় সুখবর। তাঁর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
নির্মাতা আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমার প্রতি বিশ্ব সিনেমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নজর এবং সেই সঙ্গে তাঁদের অংশগ্রহণ আমাদের সিনেমার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভবিষ্যতে আরও অনেককেই হয়তো পাওয়া যাবে আমাদের সিনেমার সঙ্গে।’
চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সড-এ দেলুপি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগ কশ্যপ। তিনি লেখেন, ‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় দেলুপি গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামকে দেখছি। ভীষণ ভালো লেগেছে।’
২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।
ফুটপ্রিন্ট প্রোডাকশনসের ব্যানারে নির্মিত দেলুপি ইতিমধ্যে রটারডমসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অনুরাগ কশ্যপের সম্পৃক্ততা সিনেমাটির আন্তর্জাতিক যাত্রাকে আরও বিস্তৃত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১৩ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৭ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৭ ঘণ্টা আগে