
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি) অধিগ্রহণে প্যারামাউন্ট স্কাইড্যান্সের ১১১ বিলিয়ন ডলারের চুক্তির সমালোচনা করতে গিয়ে হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রাফালো ইহুদিবিদ্বেষী ধারণা বা ‘অ্যান্টিসেমিটিক ট্রোপ’ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে প্যারামাউন্ট। তবে অভিনেতা সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড, সামরিক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট নির্বাহীদের সমালোচনা কোনোভাবেই ইহুদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের দীর্ঘদিনের সমালোচক এবং ফিলিস্তিনিদের অধিকারের সমর্থক রাফালো শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড এলিসন। আর প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের নেতৃত্বে রয়েছেন তাঁর বাবা ল্যারি এলিসন।
ওরাকল কয়েক দশক ধরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমানবাহিনী, সরকার ও পুলিশকে সফটওয়্যার সরবরাহ করে আসছে। গত বছর ওরাকলের বিক্রয় বিভাগের প্রধান শ্মুলিক হাউজার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটককে বলেছিলেন, ‘ইসরায়েলকে সমর্থন করা আমাদের ডিএনএর অংশ। এর জন্য যদি আমাদের কিছু গ্রাহকও হারাতে হয়, তাও সই। এটাই আমাদের কর্মসূচি।’
গত শুক্রবার রাফালো ওরাকলের নির্বাহী ভাইস-চেয়ার সাফরা ক্যাটজের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে ক্যাটজ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলকে ওরাকল যে ‘সত্যিই ভয়ংকর প্রযুক্তি’ সরবরাহ করেছিল, তা তুলে ধরেন সেখানে। ভিডিওটির ওপরে রাফালো ওরাকলের মালিক ল্যারি এলিসনকে আক্রমণ করে অভিযোগ করেন, তিনি ‘ওরাকলকে ব্যবহার করে তাঁর ছেলে ডেভিডের ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে অর্থ জোগাচ্ছেন।’
ল্যারি এলিসনের আনুমানিক সম্পদের পরিমাণ ১৮৯ বিলিয়ন ডলার। প্যারামাউন্ট স্কাইড্যান্স যাতে ১১০ দশমিক ৯ বিলিয়ন ডলারের চুক্তিতে ওয়ার্নার ব্র’স কিনতে পারে, সে জন্য তিনি ব্যক্তিগতভাবে ৪০ দশমিক ৪ বিলিয়ন ডলারের ইকুইটি অর্থায়নের নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন।
রাফালো লিখেছেন, ‘এই ‘সত্যিই ভয়ংকর প্রযুক্তিগুলো’ সম্ভবত বিশ্বের অন্যতম বৃহৎ মিডিয়া কনগ্লোমারেটের সঙ্গে একীভূত হবে এবং একদিন আপনাদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে।’ তিনি আরও লিখেছেন, ‘দেখুন, ক্যাটজ কীভাবে এমন একটি বিষয় নিয়ে গর্ব করছেন, যেটিকে এখন আমরা গণহত্যা হিসেবে দেখতে শুরু করেছি। আর সেই গণহত্যা গড়ে উঠেছে নিপীড়নের একটি অ্যাপারথাইড ব্যবস্থার ওপর, যা ওরাকলের প্রযুক্তি দিয়ে পরিচালিত হয়েছে।’
রাফালো তাঁর অনুসারীদের এই একীভূতকরণ চুক্তির বিরোধিতা করার আহ্বান জানান। তাঁর দাবি, এই চুক্তি বিনোদন শিল্পের জন্য ‘বিপর্যয়কর’ হবে। কারণ, এর ফলে চাকরি কমবে এবং প্রতিযোগিতাও হ্রাস পাবে।
মার্কিন বিচার বিভাগ গত জুনে প্যারামাউন্ট স্কাইড্যান্স ও ওয়ার্নার ব্র’সের একীভূতকরণ অনুমোদন করে। তবে ১২টি মার্কিন অঙ্গরাজ্যের একটি জোট এই চুক্তির বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইনের ভিত্তিতে মামলা করে। সেই মামলাটি এখন একটি ফেডারেল বিচারক বিবেচনা করছেন। ফলে একীভূতকরণ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।
শনিবার এক বিরল বিবৃতিতে রাফালোর বক্তব্যের জবাব দেয় প্যারামাউন্ট। প্রতিষ্ঠানটি বলেছে, ব্যবসায়িক বিরোধের ক্ষেত্রে ‘ইহুদিবিদ্বেষী প্রচলিত ধারণা’ ব্যবহার করা হলে তারা উদ্বিগ্ন হয়। প্যারামাউন্ট বলেছে, ‘কোনো করপোরেট লেনদেনের ক্ষেত্রে ‘গণহত্যা’ এবং ‘অ্যাপারথাইড’-এর মতো শব্দ ব্যবহার করা শুধু ভুলই নয়, এটি সীমা অতিক্রম করে। এসব শব্দ যাদের প্রকৃত কষ্ট ও দুর্ভোগ বোঝাতে ব্যবহৃত হয়, এভাবে ব্যবহার করলে সেই কষ্টের গুরুত্বও কমে যায়।’
প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘এ ধরনের বক্তব্যের জবাবে একই ধরনের ভাষায় পাল্টা প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। তবে পরিষ্কার করে বলতে চাই, আমরা কারও বিরুদ্ধেই কোনো ধরনের পক্ষপাত বা বৈষম্য সহ্য করি না।’
শনিবার প্যারামাউন্টের বক্তব্যের জবাবে লিখিত বিবৃতি দেন রাফালো। তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, কোনো সামরিক প্রযুক্তি চুক্তি কিংবা সেই প্রযুক্তি সরবরাহকারী নির্বাহীদের সমালোচনা করা ইহুদি জনগোষ্ঠীর সমালোচনা করার সমান নয়।’ রাফালো আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনাকে এরপর অসৎভাবে ইসরায়েলবিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে।’
নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেতা বলেন, তাঁর মতামত ‘নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থেকে এসেছে এবং এগুলোকে কখনোই ইহুদি জনগণের প্রতি শত্রুতা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।’ তিনি বলেন, ‘ইহুদি বন্ধু, সহকর্মী এবং প্রিয়জনদের কাছ থেকে, যারা আমার জীবনের প্রতিটি পর্যায়ে আমার পরিবারের মতো গুরুত্বপূর্ণ ছিলেন, অভিনয়, সক্রিয়তা এবং মানবতাবাদ সম্পর্কে আমি যা কিছু শিখেছি, তার ওপর গভীর প্রভাব রয়েছে।’
রাফালো আরও বলেন, ‘এই একীভূতকরণের বাস্তব প্রভাব রয়েছে বাস্তব মানুষের ওপর এবং পুরো দেশের ওপর।’ তাঁর ভাষায়, ‘এলিসনদের কর্মকাণ্ড খতিয়ে দেখা, যার মধ্যে তথ্য, নজরদারি প্রযুক্তি ও সরকারি চুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা ওরাকলের ব্যবসাও রয়েছে, একই সঙ্গে সম্পাদকীয় স্বাধীনতার জন্য গুরুতর হুমকি এবং হাজার হাজার পরিবারের জীবিকা হারানোর ঝুঁকি নিয়ে প্রশ্ন তোলা ন্যায্য ও প্রয়োজনীয়।’
রাফালো বলেন, ‘১১১ বিলিয়ন ডলারের এই চুক্তি একটি পরিবারকে সিএনএন, এইচবিও এবং ওয়ার্নার ব্র’সের নিয়ন্ত্রণ দেবে। এর অর্থায়নের একটি অংশ আসছে বিদেশি অর্থ থেকে, যার প্রভাব সম্পাদকীয় সিদ্ধান্তের ওপর কীভাবে পড়তে পারে, তা জনগণের কাছে কখনোই পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি।’
প্যারামাউন্টের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ওরাকল এবং সাফরা ক্যাটজের কাছ থেকেও মন্তব্য চেয়েছে। তবে তারা এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর দেয়নি।

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।
৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির আগে প্রচারস্বল্পতা যেন প্রকট হয়ে উঠেছে। এ নিয়ে অনেক সময় শিল্পীদের আক্ষেপ করতেও দেখা গেছে। অনেকেই অভিযোগ করেন প্রচারের অভাবে ভালো অনেক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। এসব বিষয় মাথায় রেখে এবার প্রচার নিয়ে বড় পরিকল্পনা সাজানোর কথা জানালেন দুর্গাপূজা উপলক্ষে...
৮ ঘণ্টা আগে
গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
১২ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
১৩ ঘণ্টা আগে