Ajker Patrika

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল

বিনোদন ডেস্ক
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল
ছবি: সংগৃহীত

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—আইকনিক এই সংলাপ এবার শোনা যাবে রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। বিখ্যাত ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড বা ০০৭ হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা ফ্র্যাঞ্চাইজির সপ্তম বন্ড হিসেবে পর্দায় হাজির হবেন। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ২৬তম বন্ড সিনেমার মধ্য দিয়ে জেমস বন্ডের এই নতুন যুগ শুরু হতে যাচ্ছে।

উচ্ছ্বসিত প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। ০০৭-এর মতো দায়িত্ব পাওয়াটা আমার জীবনের অন্যতম বড় সম্মান। এ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও বেশি কিছু।’

নতুন এই বন্ড সিনেমা পরিচালনা করছেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ, চিত্রনাট্য লিখেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। সিনেমাটি বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন যুগের সূচনা। দীর্ঘ ৬০ বছর ইয়ন ফিল্মসের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সবশেষ ‘নো টাইম টু ডাই’ পর্যন্ত জেমস বন্ড সিরিজের ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। ২০২১ সালে ইয়ন ফিল্মসকে কিনে নেয় এমজিএম। গত বছর করা চুক্তি অনুযায়ী জেমস বন্ডের মালিকানা ও সৃজনশীল নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। ফলে নতুন পর্বের ক্রিয়েটিভ সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সব বিষয়ের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

প্রথা ভেঙে পরীক্ষিত তারকায় ভরসা

প্যাটিনসনকে বন্ড হিসেবে বেছে নেওয়ার এই সিদ্ধান্ত হলিউড বিশ্লেষকদের বেশ ভাবিয়ে তুলেছে। কারণ, ঐতিহ্যগতভাবে জেমস বন্ড চরিত্রটি বরাবরই নতুন বা কম পরিচিত অভিনয়শিল্পীদের তারকাখ্যাতি এনে দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগ—সবাই বন্ড হওয়ার পরই বৈশ্বিক সুপারস্টার হয়েছেন। ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের মতো উদীয়মান ব্রিটিশ তারকারাই এবারের দৌড়ে এগিয়ে ছিলেন বলে গুঞ্জন ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁদের পেছনে ফেলে বন্ড হিসেবে আত্মপ্রকাশ করলেন ইতিমধ্যে সুপারস্টার তকমা পাওয়া প্যাটিনসন। বিশ্লেষকদের মতে, নতুন তারকা তৈরির ঝুঁকি না নিয়ে আমাজন বরং একজন পরীক্ষিত ও প্রতিষ্ঠিত তারকার ওপরই ভরসা রেখেছে।

প্যাটিনসনের জন্য কতটা মানানসই

‘টোয়াইলাইট’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া রবার্ট প্যাটিনসন ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’র মতো ব্লকবাস্টারের পাশাপাশি ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’ ও ‘প্রাইমটাইম’-এর মতো ইন্ডিপেনডেন্ট সিনেমায় অদ্ভুত, খামখেয়ালি ও জটিল মনস্তাত্ত্বিক চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, জেমস বন্ডের মতো সুশৃঙ্খল, কেতাদুরস্ত ও নির্দিষ্ট ছকে বাঁধা একটি চরিত্রে প্যাটিনসন কি তাঁর সেই বহুমুখী অভিনয়প্রতিভা প্রকাশের যথেষ্ট সুযোগ পাবেন? বন্ড চরিত্রটি মূলত একজন মার্জিত গুপ্তচরের, যার অভিব্যক্তিতে খুব বেশি খামখেয়ালিপনার সুযোগ নেই। তবে ভক্তদের প্রত্যাশা, ভিলনেভের মতো দূরদর্শী পরিচালকের হাত ধরে প্যাটিনসন হয়তো চেনা ছকের বাইরে ভিন্ন কোনো জেমস বন্ডকেই পর্দায় ফুটিয়ে তুলবেন।

কে হচ্ছেন প্যাটিনসনের বন্ড গার্ল

নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, কে হবেন তাঁর প্রথম ‘বন্ড গার্ল’। ০০৭ ফ্র্যাঞ্চাইজিতে বন্ড গার্ল সব সময়ই একটি বড় আকর্ষণ। এবারের পরিচালক যেহেতু ডেনিস ভিলনেভ, তাই ভক্তদের প্রত্যাশা আরও বেশি। কারণ, ‘অ্যারাইভাল’, ‘সিকারিও’ ও ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজিতে নারী চরিত্রগুলোকে তিনি দারুণ শক্তিশালীরূপে উপস্থাপন করেছেন।

মার্কিন সাময়িকী ভ্যারাইটি সম্প্রতি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে, যাঁদের নাম উচ্চারিত হচ্ছে নতুন বন্ড গার্ল হিসেবে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন জেনডায়া। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া ভিলনেভের ‘ডিউন ৩’ সিনেমায় তাঁরা একসঙ্গে পর্দায় হাজির হবেন। একই কারণে অর্থাৎ প্যাটিনসন ও ভিলনেভের সঙ্গে কাজের সুবাদে আলোচনায় আছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়।

অন্যদিকে ভিলনেভের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা থেকে এমিলি ব্লান্টও আছেন পছন্দের তালিকায়। এ ছাড়া ফরাসি অভিনেত্রী মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি, সিডনি সুইনির মতো জনপ্রিয় তারকারাও বন্ড গার্ল হওয়ার শক্তিশালী দাবিদার। তবে শেষ পর্যন্ত গুপ্তচর বন্ডের রহস্যময় সঙ্গী হিসেবে কে নির্বাচিত হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।

আগের ৬ জেমস বন্ড

শন কনারি (৬টি সিনেমা)

জর্জ ল্যাজেনবি (১টি সিনেমা)

রজার মুর (৭টি সিনেমা)

টিমোথি ডালটন (২টি সিনেমা)

পিয়ার্স ব্রসনান (৪টি সিনেমা)

ড্যানিয়েল ক্রেগ (৫টি সিনেমা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত