Ajker Patrika

‘ফেউ’ মুক্তির ঘোষণায় স্বস্তিতে মোস্তাফিজুর নূর ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ফেউ’ মুক্তির ঘোষণায় স্বস্তিতে মোস্তাফিজুর নূর ইমরান
‘ফেউ’ সিরিজে মোস্তাফিজুর নূর ইমরান

পুরো সিরিজের শুটিং হয়েছিল একসঙ্গে। কথা ছিল প্রথম সিজন মুক্তির রেশ থাকতে থাকতেই আসবে দ্বিতীয় সিজন। তবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘ফেউ’ সিরিজের প্রথম সিজন মুক্তির পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না পরের সিজনের। এ নিয়ে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অবশেষে সিরিজের দ্বিতীয় মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এবার আসল মজা দেখতে পারবেন দর্শক।

অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল, এ বছরেই আলোর মুখ দেখবে ফেউ সিরিজের পরবর্তী অংশ। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার প্রকাশ করে চরকি জানিয়েছে, শিগগিরই আসছে দ্বিতীয় মৌসুম। এর নাম দেওয়া হয়েছে ‘ফেউ কমপ্লিট সাগা’। এটি দিয়েই শেষ হবে সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই সিরিজের গল্প। ফেউয়ের দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘এটি অনেক স্বস্তির খবর। এবার আসল মজাটা দেখা যাবে। ফেউ একটা দারুণ এক্সপেরিয়েন্স। গল্পটি এবার একসঙ্গে পুরোটা দেখা যাবে। আশা করি দর্শক তৃপ্তি পাবেন।’

সিরিজটির প্রথম সিজন মুক্তির সময় প্রচারের অভাব ছিল চোখে পড়ার মতো। অনেকটা দায়সারাভাবেই মুক্তি পেয়েছিল। এ প্রসঙ্গে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘প্রচারের অভাব আমি নিজেও লক্ষ করেছি। এবারও কেমন প্রচার হবে জানি না। কিন্তু আমার অনুরোধ থাকবে, ফেউকে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে সবাই মিলে। এটি আপামর জনসাধারণের গল্প।’

১৯৭৯ সালে ঘটা মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে সুকর্ণ শাহেদ ধীমান নির্মাণ করেছেন ফেউ। মোস্তাফিজুর নূর ইমরান এতে অভিনয় করেছেন মার্শাল চরিত্রে, যে সুন্দরবনের মৌয়াল থেকে একসময় জলদস্যু বাহিনীর সর্দার হয়ে ওঠে। স্থানীয় রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং রহস্যময় ঘটনার টানাপোড়েনে মার্শাল চরিত্রটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সিরিজে আরও আছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, তাহমিনা অথৈ, এ কে আজাদ সেতু, তানভীর অপূর্ব, রিজভি রিজু প্রমুখ।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘জাদুকর’। সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন শরীফ সিরাজ, শাওয়ানা মাহমুদ, আনোয়ার হক, রশীদ হারুন, ফারজানা জলি প্রমুখ। মোস্তাফিজুর নূর ইমরান জানালেন, কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ওয়েব ফিল্মটির মুক্তি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই মুক্তির তারিখ ও প্ল্যাটফর্ম ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত