Ajker Patrika

আজ গান শোনাবেন ওটিলিয়া ঘুরে দেখবেন ঢাকা শহর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ গান শোনাবেন ওটিলিয়া ঘুরে দেখবেন ঢাকা শহর
ওটিলিয়া। ছবি: সংগৃহীত

আজ রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে গান শোনাবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। গতকাল সকালেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। জানালেন, কনসার্টে দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত তিনি। স্মরণীয় করে রাখতে চান আজকের সন্ধ্যাটি।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে ই-মেকার্স বাংলাদেশ। গতকাল বিকেলে হয়েছে সংবাদ সম্মেলন। সেখানেই বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন ওটিলিয়া। জানালেন কনসার্টের পাশাপাশি ঘুড়ে দেখতে চান বাংলাদেশ।

এটি ওটিলিয়ার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০২২ সালে এসেছিলেন ঢাকার শ্রোতাদের গান শোনাতে। ওটিলিয়া বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম কনসার্টটি ছিল দারুণ। এখানকার দর্শকের এনার্জি আমাকে মুগ্ধ করেছিল। আমি জানতাম না এখানে আমার এত ভক্ত। আমি জানি, এখানকার দর্শকেরা কতটা এনার্জেটিক। অনেকে বলছিল, তুমি বাংলাদেশে কেন যাচ্ছ? আমি তো জানি, এ দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে। তাদের জন্যই আবার এ দেশে আসা। আশা করছি, কাল সবাইকে সারপ্রাইজড করতে পারব। গতবারের চেয়ে ভিন্ন কিছু হবে এবার।’

ওটিলিয়ার সঙ্গে আজ একই মঞ্চে পারফর্ম করবেন ফুয়াদ আল মুক্তাদির, সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। আরও গান শোনাবে লেভেল ফাইভ ব্যান্ড। কনসার্টের মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

ওটিলিয়া বিশ্বাস করেন সংগীতের কোনো নির্দিষ্ট ভাষা নেই। সংগীত দিয়ে সব ভাষার মানুষের কাছে পৌঁছানো যায়। তাই বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করেছেন তিনি। সুযোগ পেলে বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কোলাবরেশন করতে চান ওটিলিয়া।

গতবার ওটিলিয়ার সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তাঁর মা। স্বল্প সময়ের সফরে ঘুরে দেখেছেন ঢাকা শহর। কিনে নিয়ে গিয়েছিলেন শাড়ি। সেই শাড়ি এখনো তাঁর বাসায় আছে বলে জানালেন ওটিলিয়া। এবার তিনি ঘুরে দেখতে চান বাংলাদেশ। ওটিলিয়া বলেন, ‘এবার কনসার্টের পর অনেকটা সময় পাব। ২৯ নভেম্বর সকালে ফিরে যাব। তার আগেপর্যন্ত হোটেলে বসে না থেকে ঘুরে বেড়াতে চাই। বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে চাই, ট্রেডিশনাল খাবার খেতে চাই, মানুষের সঙ্গে কথা বলতে চাই, তাঁদের সম্পর্কে জানতে চাই।’

সংবাদ সম্মেলন শেষ করে আয়োজকদের সঙ্গ ওটিলিয়া চলে যান সংসদ ভবন এলাকা ঘুরতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত