Ajker Patrika

বছর শেষে আসছে আন্ধার বিশ্বকাপের পর শুরু প্রচার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছর শেষে আসছে আন্ধার বিশ্বকাপের পর শুরু প্রচার
(বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাকিব চৌধুরী। ছবি: সংগৃহীত

শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার। বিশ্বকাপ ফুটবল শেষ হলে শুরু হবে প্রচার।

হরর ঘরানার সিনেমা আন্ধার পরিচালনা করছেন রায়হান রাফী। অভিনয় করেছেন একঝাঁক তারকাশিল্পী। আছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন প্রমুখ। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। সম্প্রতি ডাবিং শেষ করেছেন অভিনয়শিল্পীরা। গতকাল বৃহস্পতিবার সিনেমার শেষ দিকের পোস্ট প্রোডাকশনের কাজ করতে ভারতে গেছেন নির্মাতা।

আজকের পত্রিকাকে শাকিব চৌধুরী বলেন, ‘দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্যই আমরা সময় নিচ্ছি। এখন কাজ প্রায় শেষের দিকে। এ বছরের শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল শেষ হলে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে সিনেমার প্রচার।’

শাকিব চৌধুরী আরও জানান, সিনেমার প্রচার নিয়ে তাঁদের রয়েছে বিস্তর পরিকল্পনা, যা সিনেমাটি দেখতে দর্শকদের আগ্রহী করবে।

আন্ধার তৈরি হচ্ছে দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। দুই বন্ধু মিলে ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের নানা জায়গায়। সেই অভিজ্ঞতা থেকে একসময় তাঁদের আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার তাঁদের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক এই সিনেমা।

সুমন ও শাকিবের সঙ্গে আন্ধার সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাঁদের সঙ্গে আরও আছেন সারাহ আলী।

সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে না চাইলেও শাকিব চৌধুরী জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে আন্ধার। শাকিব বলেন, ‘আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার ও ইমোশন থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত