Ajker Patrika

শিল্পকলায় এথিক নাট্যদলের হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলায় এথিক নাট্যদলের হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা
‘হাঁড়ি ফাটিবে’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। ১৬ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির শততম মঞ্চায়ন। ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে হাঁড়ি ফাটিবে নাটকের শততম প্রদর্শনী।

‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আবুল হায়াত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এথিক নাট্যদলের সভাপতি রেজানুর রহমান।

এথিক নাট্যদল জানিয়েছে, শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটিতে সম্পৃক্ত মঞ্চের ও নেপথ্যের ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সেই সঙ্গে এ পর্যন্ত সব প্রদর্শনীতে অভিনয় করা শিল্পীদের জন্য থাকবে বিশেষ সম্মাননা। পাশাপাশি শততম প্রদর্শনীর দর্শকদেরও সম্মানিত করা হবে।

অপু শহীদের নির্দেশনায় মঞ্চে এসেছিল হাঁড়ি ফাটিবে। ২০২৪ সালে নিজেদের প্রথম প্রযোজনাটি নতুন আঙ্গিকে নিয়ে আসে এথিক। নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিচ্ছেন মিন্টু সরদার। শততম প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান ও মিন্টু সরদার।

নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘উৎপল দত্তের অনবদ্য সৃষ্টি হাঁড়ি ফাটিবে নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও এ নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষের যে নৈতিক স্খলন, তা এই সমাজে এখনো বিদ্যমান।’

মিন্টু সরদার আরও বলেন, ‘২০১০ সালে মঞ্চে আসে হাঁড়ি ফাটিবে। দলীয় প্রয়োজনে নাটকটি নতুন আঙ্গিকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব পড়ে আমার কাঁধে। গল্পই এই নাটকের প্রাণ। নাটকটির শততম মঞ্চায়ন সত্যিই এক আনন্দময় অনুভূতি। ১৬ বছর ধরে একটি নাটকের সঙ্গে বিচরণ করা দারুণ গৌরবের বলে মনে করি। কারণ দর্শকদের গ্রহণযোগ্যতার কারণে আমরা এত বছর ধরে নাটকটি করতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত