Ajker Patrika

পালাকারের নতুন নাটক ‘এককোটি মনোয়ারা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পালাকারের নতুন নাটক ‘এককোটি মনোয়ারা’
‘এককোটি মনোয়ারা’ নাটকের দৃশ্য

মঞ্চে আসছে পালাকার নাট্যদলের নতুন প্রযোজনা ‘এককোটি মনোয়ারা’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। ১৩ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখানো হবে এককোটি মনোয়ারা নাটকের উদ্বোধনী প্রদর্শনী। পরদিন একই স্থানে ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।

নতুন প্রযোজনাটি ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এবং মানুষের বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত একটি সমকালীন রাজনৈতিক প্রতীকী নাটক বলে জানিয়েছে পালাকার।

নাটকের গল্পে দেখা যাবে একটি রুদ্ধদ্বার মিলনায়তন। মুহূর্তে সেটিই পরিণত হয় এক প্রতীকী আদালতে। দুই আইনজীবীর তর্ক, ইতিহাসের খণ্ডচিত্র, স্মৃতির অনুরণন এবং সমকালীন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সাধারণ মানুষের এক অসাধারণ গল্প। শ্রমজীবী আবুল ফজলের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং এক প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম ক্রমে ব্যক্তিগত বেদনার সীমা অতিক্রম করে একটি জাতির প্রশ্নে পরিণত হয়।

নির্দেশক বলেন, ‘এটি শুধু একটি নাট্য প্রযোজনা নয়; বরং আমাদের সময়, রাষ্ট্র, মানুষ, স্মৃতি, ন্যায়বিচার এবং প্রতিরোধের প্রশ্নকে নতুনভাবে ভাবার এক শিল্পিত প্রয়াস। এই নাটকে রাষ্ট্র, ক্ষমতা, বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এবং মানুষের বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা এক অনন্য নাট্যভাষায় মিলেমিশে যায়। বাস্তবতা ও প্রতীকের সংমিশ্রণে নির্মিত এই আখ্যান দর্শককে শুধু একটি গল্প শোনায় না; বরং এমন কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, যেগুলোর উত্তর খুঁজে নিতে হয় নিজের ভেতরেই। কিন্তু কে এই মনোয়ারা? তিনি কি একজন অনাগত শিশু, একজন মা, নাকি একটি স্বপ্ন? কেন একজন মনোয়ারা ধীরে ধীরে হয়ে ওঠে কোটি মনোয়ারা? কী সেই শক্তি, যা ব্যক্তিগত বেদনা থেকে জন্ম দেয় সম্মিলিত প্রতিরোধের? এসব প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একামণি ঘোষ, মনীষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ দৃষ্টি, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান ঋতু ও জ্যাকলিন কাব্য। মঞ্চ পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস এবং পোশাক পরিকল্পনায় মুনিরা অবনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত