
এ বছর হুজ হু সম্মাননা পেলেন খ্যাতিমান অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের বিশ্বমঞ্চে পরিচিত করা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ববিতা ছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে ববিতা বলেন, ‘প্রতিটা প্রাপ্তিই আনন্দের। ভালো লাগছে খুব। আমার বাবার স্বপ্ন ছিল আমরা ভাই-বোনেরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি। চেষ্টা করেছি মা-বাবার স্বপ্ন পূরণ করতে। আজ জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা পেয়ে বাবার কথাই ভীষণ মনে পড়ছে। জীবনে বহু সম্মাননায় ভূষিত হয়েছি। কিন্তু এই সম্মাননা একেবারেই আলাদা কারণ, হুজ হু সম্পর্কে আব্বা জানতেন। তাই এই অ্যাওয়ার্ড পেয়ে এতটাই ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এই সম্মাননা বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করছি।’
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যাঁরা সম্মাননায় ভূষিত হয়েছেন, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। এ ধরনের আন্তর্জাতিক মানের সম্মাননা গুণীজনদের কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেবে এবং উন্নত সমাজ গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে।’
উল্লেখ্য, ববিতা এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। দীর্ঘদিন কোনো নতুন সিনেমায় অভিনয় করেননি তিনি। তবে ভালো গল্প আর চরিত্র পছন্দ হলে আবার অভিনয়ে ফেরার প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৪ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৩ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৫ ঘণ্টা আগে