গানে গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাবেন জেমস। তাঁর সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গান শোনাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিল্স’। আগামী ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে এই আয়োজন। নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ওই দিন নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে নগরবাউল, চন্দ্রবিন্দু ও ফসিল্স—এ তিন ব্যান্ডের পরিবেশনা। ২ নভেম্বর সন্ধ্যা থেকে এ কনসার্ট শুরু হওয়ার কথা। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, এরই মধ্যে তিন ব্যান্ডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠান সফল করতে চলছে জোর প্রস্তুতি।
চন্দ্রবিন্দুর গান মানেই হই-হুল্লোড়, সহজ কথায় গভীর বিষয়ের স্বাদ। শুধু পশ্চিমবঙ্গ নয়, তিন দশকের বেশি সময় ধরে এ ব্যান্ডের গান সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। ‘বন্ধু তোমায় এ গান শোনাব’, ‘যদি বলো হ্যাঁ’, ‘ত্বকের যত্ন নিন’, ‘আদরের নৌকা’, ‘ভিনদেশি তারা’, ‘অঙ্ক কী কঠিন’, ‘এভাবেও ফিরে আসা যায়’, ‘জুজু’, ‘এইটা তোমার গান’সহ চন্দ্রবিন্দুর অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।
গানের বাইরেও এ ব্যান্ডের প্রধান তিন সদস্য চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল সেনগুপ্ত নানাভাবে জনপ্রিয়। বিতর্ক ও বক্তৃতা দিয়ে পরিচিতি পেয়েছেন চন্দ্রিল, অনিন্দ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন আর উপল ছবি এঁকে জয় করেছেন মানুষের মন। সামনাসামনি তাঁদের দেখা ও গান শোনার সুযোগ হবে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ কনসার্ট নিয়ে উৎসাহী শিক্ষার্থীরা।
ভিন্ন ধরনের গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া চন্দ্রবিন্দু কয়েকবার বাংলাদেশে গাইতে এসেছে। এর আগে ঢাকা ক্লাব, ফ্যান্টাসি কিংডম, চট্টগ্রামের ফয়’স লেকে শ্রোতাদের গান শুনিয়েছে ব্যান্ডটি। সর্বশেষ ২০১৪ সালে দেশ টিভির আমন্ত্রণে ঢাকা সফরে এসেছিল তারা। সে হিসাবে প্রায় এক দশক পর ঢাকায় পা রাখছে চন্দ্রবিন্দু।
অন্যদিকে গায়ক রূপম ইসলামের প্রতিষ্ঠিত রক ব্যান্ড ফসিল্স। ১৯৯৮ সালে এ ব্যান্ডের আত্মপ্রকাশের পর পশ্চিমবঙ্গে রক মিউজিক নতুনভাবে প্রাণ ফিরে পায়। ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’, ‘তোমার চোখের কালো চাই’, ‘কমল মেঘের ওজন’, ‘আরও একবার’, ‘হাসনুহানা’, ‘বিষাক্ত মানুষ’, ‘খোঁড়ো আমার ফসিলস’সহ এ ব্যান্ডের জনপ্রিয় গানের সংখ্যা অনেক।
সংগীতের হাত ধরে এত দূর আসার পেছনে রূপম ইসলাম বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের প্রতি নানা সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০১১ সালে দেশ টিভির এক অনুষ্ঠানে গাইতে এসে রূপম বলেছিলেন, ‘আমার অ্যালবাম প্রথম হিট হয়েছিল বাংলাদেশে। ‘‘তোর ভরসাতে’’ নামের অ্যালবামটি ১৯৯৮ সালে প্রকাশ পায়। তখন কলকাতার লোকদের আগে বাংলাদেশিরা আমাকে কাছে টেনে নিয়েছিল। বাংলাদেশের ফিডব্যাক, মাইলস, জেমস ভাই, আইয়ুব বাচ্চু ভাইয়ের গান শুনে শুনে বড় হয়েছি, অনেক কিছু শিখেছি তাঁদের কাছে।’

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
২০ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
২১ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
২১ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
১ দিন আগে