Ajker Patrika

শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী
‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দৃশ্য

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ৬ ও ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় মঞ্চায়ন করা হবে নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’। সমকালীন থিয়েটার ও ঐতিহ্যবাহী গল্প কথনশৈলীর মেলবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশের লোককথা ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই নাট্য প্রযোজনায়।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তৈরি হয়েছে ইনভিজিবল স্টোরিজ। বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলার ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের প্রয়াস এই প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লরি কানাক। অভিনয় করবেন লরি কানাক ও স্বাতী ভদ্র। তাঁদের সঙ্গে সরাসরি সংগীত পরিবেশনায় থাকবে নোনাভূমি অর্গানাইজেশন। কোরিওগ্রাফি করেছেন মো. ফরহাদ আহমেদ।

বাংলাদেশের বিভিন্ন শিল্পী ও জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় ও অভিজ্ঞতার আলোকে প্রযোজনাটি নির্মাণ করেছেন লরি কানাক। এ দেশের মানুষের দৈনন্দিন জীবন, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অতিপ্রাকৃত জগতের যে গভীর সম্পর্ক, তা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে নেমেছে দুই বিজ্ঞানী। একসময় তারা জড়িয়ে পড়ে এক বিস্ময়কর অভিযাত্রায়, যেখানে মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা ক্রমেই ভেঙে যেতে শুরু করে। নগরজীবনের গণ্ডি পেরিয়ে তারা পৌঁছে যায় সুন্দরবনের রহস্যময় বনভূমি ও প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে। সেখানে উন্মোচিত হয় মানুষ, প্রকৃতি এবং জীবনকে প্রভাবিত করা অদৃশ্য শক্তির মধ্যকার অপ্রত্যাশিত নানা যোগসূত্র। বাংলার ভূতের গল্প দিয়ে ঢাকা শহরকে উপস্থাপন করা হয়েছে এক পরাবাস্তব মহানগরী হিসেবে। যেখানে যানজটের দুর্ভোগ থেকে শুরু করে দ্রুত নগরায়ণ ও পরিবর্তনের মতো পরিচিত নাগরিক বাস্তবতাগুলো অতিপ্রাকৃত ব্যাখ্যায় নতুন মাত্রা পায়।

৬ নভেম্বর ইনভিজিবল স্টোরিজ পরিবেশিত হবে ইংরেজি ও বাংলা ভাষায় এবং ৭ নভেম্বর পরিবেশিত হবে ফরাসি ও বাংলা ভাষায়। আসন খালি থাকা সাপেক্ষে প্রদর্শনী দুটি সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত