Ajker Patrika

পরিচালক বদলে আসছে ‘অসুর’ সিরিজের তৃতীয় সিজন

বিনোদন ডেস্ক
পরিচালক বদলে আসছে ‘অসুর’ সিরিজের তৃতীয় সিজন
‘অসুর ২’ সিরিজের পোস্টার

ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিরিজ ‘অসুর’। ২০২০ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে আসে দ্বিতীয় সিজন। তিন বছর পর এবার শুরু হচ্ছে নতুন সিজনের কাজ। আগামী সেপ্টেম্বরে ‘অসুর ৩’-এর শুটিং শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

অসুরের আগের দুই সিজনের মতো নতুন অধ্যায়েও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসি ও বরুণ সোবতিকে। ফরেনসিক বিশেষজ্ঞ ধনঞ্জয় রাজপুত ও নিখিল নায়ার চরিত্রে তাঁদের রসায়ন আর মনস্তাত্ত্বিক টানাপোড়েন আগের মতো থাকছে গল্পের কেন্দ্রে। এই সিজনের কাস্টিংয়ে বড় চমক হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। তবে গল্পে তাঁর চরিত্রটি কেমন হবে, তা গোপন রেখেছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, শ্বেতার সংযোজন রহস্যের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবে।

ক্যামেরার পেছনে এসেছে বড় পরিবর্তন। অসুরের প্রথম দুই সিজন পরিচালনা করেছিলেন অনি সেন। নতুন সিজনে পরিচালকের চেয়ারে বসছেন সিরিজটির গল্পকার ও মূল রূপকার গৌরব শুক্লা। পরিচালনার পাশাপাশি এই সিজনে প্রযোজকের ভূমিকায়ও দেখা যাবে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে আগামী বছর মুক্তি পেতে পারে অসুর ৩।

পৌরাণিক কাহিনি ও আধুনিক ফরেনসিক বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি এই সিরিজের প্রথম সিজনে দেখা যায়, বারাণসীর অতি মেধাবী ছেলে শুভ জোশী ছোটবেলা থেকে নিজেকে কলিযুগের অসুরের অবতার মনে করে একের পর এক হত্যা চালাতে থাকে। তাকে ধরতে নেমে নাস্তানাবুদ হয় সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞ নিখিল নায়ার ও ধনঞ্জয় রাজপুত। শুভর পাতানো নির্মম ফাঁদে পড়ে নিখিল নিজের মেয়েকে হারায়।

পরের সিজনে পৌরাণিক তত্ত্বের সঙ্গে যুক্ত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি। শুভ এবার শুধু কয়েকটি খুনেই সীমাবদ্ধ থাকে না, সে এআই ব্যবহার করে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে নৈতিক দ্বিধায় ফেলে একে অপরের শত্রু বানিয়ে তোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত