ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে অংশ নিয়েছেন ৩৪টি প্রোগ্রামের ২ হাজার ৫৫ জন শিক্ষার্থী। সমাবর্তনে দুজন শিক্ষার্থীর হাতে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ২৮ জনের হাতে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার মেরুল বাড্ডায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনের প্রতিপাদ্য ছিল—‘মেক দ্য ডিফারেন্স’।
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫টি স্নাতক প্রোগ্রাম থেকে ১ হাজার ৫৯২ জন, ১৬টি স্নাতকোত্তর প্রোগ্রাম থেকে ৪৩৭ জন এবং তিনটি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম থেকে ২৬ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল দেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের ভাইস চ্যান্সেলর ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা অ্যাডাম হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আপনার ভবিষ্যৎ অন্য কেউ গড়ে দেবে না। নিজেকেই নিজের ভবিষ্যতের রূপকার হতে হবে।’
অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ানের বক্তব্য দেন চ্যান্সেলরের গোল্ড মেডেলপ্রাপ্ত রানা তাবাসসুম। তিনি বলেন, সমাজে পরিবর্তন আনতে অনেক বেশি কিছু করার প্রয়োজন নেই; বরং ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তনের সূচনা করা সম্ভব আর সেই পরিবর্তনের শুরুটা মানুষকেই নিজে থেকে করতে হবে।
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, আজকের পৃথিবীতে সবচেয়ে জরুরি বিষয় হলো একে অপরকে বোঝা এবং যোগাযোগ তৈরি করা। অনুষ্ঠানে তাঁর বক্তব্যটি পড়ে শোনান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘রাজনীতিতে আমাদের স্মার্ট মানুষ দরকার, সৎ মানুষ দরকার। আপনারা রাজনীতিতে না এলে আমরা যে পরিবর্তনের কথা বলি, সেটা হওয়া সম্ভব না।’
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘আমি আশা করি, জীবনে চলার পথে মানবকল্যাণের বিষয়ে আমরা এখানে আপনাদের যা শিখিয়েছি, সেটা ভুলে যাবেন না। আপনারাই নির্ধারণ করবেন এই সমাজ, দেশ ও বিশ্বের ভবিষ্যৎ। এটি আপনাদের জন্য একধরনের চ্যালেঞ্জও বটে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানের বক্তব্যটি পাঠ করেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সমাবর্তন কমিটির চেয়ার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৭ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১০ ঘণ্টা আগে