জাপানে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানের কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি (কেইউটি) তাদের স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় আবেদন আহ্বান করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যাঁরা বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটি একটি পূর্ণ অর্থায়নের সুযোগ। এ বৃত্তির আওতায় টিউশন ফিসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যয় বহন করা হবে। আবেদনের জন্য কোনো ফি জমা দেওয়া লাগবে না।
গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে কোচি ইউনিভার্সিটির স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। তিন বছর মেয়াদি এই পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা এপ্রিল বা অক্টোবর সেশনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি জাপানের অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয়। আধুনিক ও উদ্ভাবনী শিক্ষাব্যবস্থার জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।
যা যা সুবিধা পাবেন
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
- ভর্তি ফি মওকুফ
- নিবন্ধন ফি মওকুফ
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- প্রাথমিক জীবনযাপন ভাতা
- মাসিক স্টাইপেন্ড
- যাতায়াত ব্যয়ের সহায়তা
গবেষণার ক্ষেত্রগুলো নিম্নোক্ত বিষয়ে পিএইচডি গবেষণার সুযোগ রয়েছে—
- ইন্টেলিজেন্ট মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক অ্যান্ড ফোটোনিক ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন
- ইঞ্জিনিয়ারিং সায়েন্স
- ইনফরমেটিকস
- ডেটা অ্যান্ড ইনোভেশন
- ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট
আবেদন করতে যা লাগবে
- প্রি-অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফরম
- অনলাইন আবেদনপত্র
- বৈধ পাসপোর্টের কপি
- জীবনবৃত্তান্ত (সিভি/রেজুমে)
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ
- গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)
- কভার লেটার
- পার্সোনাল স্টেটমেন্ট
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে যেকোনো দেশের নাগরিক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বা ডিগ্রি সম্পন্ন হওয়ার পর্যায়ে থাকতে হবে। ভর্তির সময় বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফল, গবেষণার অভিজ্ঞতা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আবেদন করার আগে সম্ভাব্য সুপারভাইজারের অনুমোদন নিতে হবে। এ ছাড়া পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে শিক্ষার্থীদের তিন বছর অধ্যয়ন, নির্ধারিত ক্রেডিট অর্জন, চূড়ান্ত গবেষণা প্রতিরক্ষা সফলভাবে সম্পন্ন করা এবং অন্তত একটি স্বনামধন্য পিয়ার-রিভিউড জার্নালে গবেষণাপত্র প্রকাশের শর্ত পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনের শুরুতে স্পেশাল স্কলারশিপ প্রোগ্রামের তালিকা থেকে একটি গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক বা সুপারভাইজারের কাছে ই-মেইলে প্রি-অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফরম পাঠিয়ে অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ অক্টোবর, ২০২৬।









