
ইতালির ইউনিভার্সিটি অব কাগলিয়ারি পিএইচডি করার সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ১৪৯টি পিএইচডি আসন রয়েছে। এর মধ্যে ১২৮ আসনে বৃত্তি দেওয়া হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৯টি বৃত্তি নির্ধারিত রয়েছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ বৃত্তির আসনেও আবেদন করতে পারবেন। ডিজিটাল ও গভীর প্রযুক্তি, জীবপ্রযুক্তি, পরিচ্ছন্ন ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তিতে গবেষণাকে উৎসাহিত করতে এসব বৃত্তির একটি বড় অংশ দেওয়া হচ্ছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো পাবেন। ভালো অগ্রগতির শর্তে তিন বছর পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। প্রতি মাসে কিস্তিতে বৃত্তির অর্থ পরিশোধ করা হবে। অনুমোদিত সময়ে বিদেশে পড়াশোনা বা গবেষণা করলে বৃত্তির অর্থ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পিএইচডি শিক্ষার্থীদের নিয়মিত ভর্তি ও শিক্ষা ফি দিতে হবে না। তবে বৃত্তিটি পুরোপুরি খরচমুক্ত নয়। ভর্তির সময় ১৬ ইউরো স্ট্যাম্প শুল্ক এবং বছরে ১৪০ ইউরো আঞ্চলিক শিক্ষা কর দিতে হতে পারে। জীবনযাপন, যাতায়াত, আবাসন ও ভিসার খরচ বৃত্তির আওতায় থাকবে না।
ডেটা সায়েন্স, পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ও কম্পিউটার প্রকৌশল, শিল্প প্রকৌশল, গণিত ও কম্পিউটার বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যে পিএইচডির সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে মলিকিউলার ও ট্রান্সলেশনাল মেডিসিন, নিউরোসায়েন্স, পার্সোনালাইজড মেডিসিন ও জনস্বাস্থ্য, জীবন, পরিবেশ ও ওষুধবিজ্ঞান এবং ভূ ও পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি।
ইনোভেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থনীতি ও ব্যবসা, আইনবিজ্ঞান, ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আন্তর্জাতিক অধ্যয়নেও আবেদন করা যাবে। দর্শন, জ্ঞানতত্ত্ব ও মানববিজ্ঞান, ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধ্যয়নেও রয়েছে পিএইচডির সুযোগ। এ ছাড়া গবেষণা ও সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক স্বাস্থ্য সক্ষমতা উন্নয়ন বিষয়েও আবেদন করা যাবে।
আবেদনের সঙ্গে প্রয়োজন হবে পূরণ করা আবেদনপত্র, ডিগ্রি সনদ ও পূর্ণাঙ্গ নম্বরপত্র। নম্বরপত্রে বিষয়, ফল, ক্রেডিট ও গ্রেডিং পদ্ধতি উল্লেখ থাকতে হবে। বিদেশি শিক্ষাগত সনদের ইতালীয় বা ইংরেজি অনুবাদ জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে বৈধ পাসপোর্ট ও জীবনবৃত্তান্ত। এ ছাড়া গবেষণা প্রস্তাব, প্রাসঙ্গিক প্রকাশনা, সনদ বা গবেষণার অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিনটি একাডেমিক বা গবেষণা সুপারিশপত্রও লাগতে পারে। এর সঙ্গে অন্য প্রয়োজনীয় সহায়ক কাগজপত্র জমা দিতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা সমমানের দ্বিতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। জাতীয়তার ক্ষেত্রে কোনো বাধা নেই। যাঁরা এখনো প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করেননি, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে ভর্তি হওয়ার আগে এবং ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে। সাধারণভাবে শুধু স্নাতক ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তবে একক ধারার এমন ডিগ্রি, যা ইতালির প্রয়োজনীয় ডিগ্রির সমমানের, তা গ্রহণযোগ্য হতে পারে। বিদেশি ডিগ্রির জন্য আগে থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি সব সময় প্রয়োজন না-ও হতে পারে। পিএইচডি ভর্তি প্রতিযোগিতায় ডিগ্রির গ্রহণযোগ্যতা সংশ্লিষ্ট ভর্তি কমিটি মূল্যায়ন করতে পারে।
বিদেশি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে আবেদনকারীদের সুপারিশপত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছকে দিতে হবে। এসব চিঠি সুপারিশকারীকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। আবেদনকারীর আপলোড করা সুপারিশপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা নেই। শিক্ষাগত যোগ্যতা, গবেষণার উপযোগিতা ও নির্বাচনী পরীক্ষার ফলের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। দুই প্রার্থী সমান নম্বর পেলে বয়সে কম প্রার্থীকে এগিয়ে রাখা হবে।
প্রথমে ইউনিভার্সিটি অব কাগলিয়ারির পিএইচডি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সংযুক্তি পড়তে হবে। এরপর নির্বাচন পদ্ধতি, বৃত্তির আসন, প্রয়োজনীয় যোগ্যতা ও গবেষণার বিষয় যাচাই করতে হবে। এরপর PICA আবেদন পোর্টালে নিবন্ধন করে সংশ্লিষ্ট পিএইচডি প্রতিযোগিতা ও আসনের ধরন নির্বাচন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় পিডিএফ কাগজপত্র সংযুক্ত করতে হবে। এর সঙ্গে ২৬.৮০ ইউরো আবেদন ফি দিতে হবে। এই ফি ফেরতযোগ্য নয়। একাধিক পিএইচডি প্রোগ্রামে আবেদন করলে প্রতিটির জন্য আলাদা আবেদন ও ফি দিতে হবে। ১ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন হবে। আন্তর্জাতিক প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সুপারিশপত্র ও সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আবেদনের ওয়েবসাইট:
আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬।

ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দরজায় কড়া নাড়ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভবিষ্যৎ ক্যারিয়ারের পথ এই পরীক্ষার মাধ্যমে অনেকাংশে নির্ধারিত হয়।
৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষা প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
১ দিন আগে
ইন্দোনেশিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। প্রথমত, এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান...
১ দিন আগে