Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

আবিদ আনজুম ত্রিদিব
শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও এআইয়ের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীদের শেখার ধরনকে আমূল বদলে দিচ্ছে। তবে দুঃখজনক বাস্তবতা হলো, অনেক শিক্ষার্থী এআই বলতে শুধু চ্যাটজিপিটিকেই বোঝে। সেটিও অনেক সময় শেখার সহায়ক হিসেবে নয়; বরং শর্টকাট বা অনৈতিক কাজে ব্যবহার করে থাকে। এ প্রবণতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও শেখার আগ্রহ কমিয়ে দেয়।

অথচ সঠিকভাবে ব্যবহার করলে এআই হতে পারে একজন দক্ষ সহকারী, গাইড ও সংগঠক। এ জন্য প্রয়োজন এমন কিছু এআই টুল সম্পর্কে জানা, যেগুলো শেখার প্রক্রিয়াকে সহজ করে; কিন্তু চিন্তাশক্তিকে নিষ্ক্রিয় করে না। আজকে শিক্ষার্থীদের জন্য জানা আবশ্যক এমন চারটি গুরুত্বপূর্ণ এআই টুল তুলে ধরা হলো:

গুগল নোটবুক এলএম

গুগল নোটবুক এলএম একটি আধুনিক এআইভিত্তিক স্টাডি টুল। এটি শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সংগঠিত ও কার্যকর করে তোলে। শিক্ষার্থীরা এতে তাদের নোট, পিডিএফ, গবেষণাপত্র কিংবা অন্যান্য রেফারেন্স যুক্ত করতে পারে। এরপর এআই সে তথ্যের ভিত্তিতে সারসংক্ষেপ তৈরি, গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা এবং প্রশ্নোত্তর তৈরিতে সহায়তা করে।

এই টুলের সবচেয়ে বড় সুবিধা

হলো, এটি শিক্ষার্থীদের নিজস্ব উপকরণের ওপর ভিত্তি করে কাজ করে। ফলে মুখস্থনির্ভর শেখার বদলে বোঝাপড়ার ওপর জোর দেওয়া সম্ভব হয়। নোট, ভিডিও এমনকি পডকাস্ট আকারে বিষয় উপস্থাপনের সুযোগ থাকায় বিভিন্ন শেখার ধরনের শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর।

মাইমাইন্ড

শিক্ষাজীবনে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা ধরনের তথ্যের মুখোমুখি হতে হয়। যেমন গুরুত্বপূর্ণ লেখা, ভিডিও, ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ছবি। কিন্তু এসব তথ্য গুছিয়ে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। মাইমাইন্ড এ সমস্যার একটি কার্যকর সমাধান।

এটি একটি এআই-চালিত ডিজিটাল আইডিয়া ব্যাংক, যেখানে লেখা, ছবি, ভিডিও কিংবা লিঙ্ক সংরক্ষণ করা যায়। আলাদা করে ফোল্ডার বা ট্যাগ ব্যবহারের প্রয়োজন না থাকায় তথ্য সংরক্ষণ ও খুঁজে পাওয়া সহজ হয়। পড়াশোনা ও গবেষণার উপকরণ নিরাপদ ও সংগঠিতভাবে এক জায়গায় রাখতে মাইমাইন্ড শিক্ষার্থীদের জন্য বেশ উপযোগী।

লাভেবল

বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু ভালো ফল অর্জন করাই যথেষ্ট নয়। নিজের দক্ষতা ও পরিচয় সঠিকভাবে তুলে ধরাও সমান গুরুত্বপূর্ণ। লাভেবল একটি এআই টুল। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই একটি ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারে।

এই ওয়েবসাইটে শিক্ষার্থী তার শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরতে পারে। প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও সহজ নির্দেশনার মাধ্যমে পেশাদার মানের ওয়েবসাইট তৈরি সম্ভব। স্কলারশিপ, ইন্টার্নশিপ কিংবা ভবিষতে চাকরির ক্ষেত্রে এটি শিক্ষার্থীদের জন্য বড় একটি বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।

নোশন

নোশন বর্তমানে বিশ্বজুড়ে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে জনপ্রিয় একটি প্রোডাকটিভিটি টুল। এর মাধ্যমে নোট নেওয়া, টুডু লিস্ট তৈরি, আইডিয়া সংরক্ষণ এবং টাস্ক ম্যানেজমেন্ট একসঙ্গে করা যায়। শিক্ষার্থীরা নোশন ব্যবহার করে পড়াশোনার পরিকল্পনা সাজাতে পারে, অ্যাসাইনমেন্ট ও প্রজেক্টের অগ্রগতি ট্র্যাক করতে পারে এবং সময় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে পারে। নিয়মিত ব্যবহারে এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সহায়তা করে।

এআই কোনো বিকল্প শিক্ষক নয়; বরং এটি একজন সহকারী। সঠিক টুল সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিক্ষার্থীরা শেখার প্রতি আগ্রহ হারাবে না; বরং আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবে। তাই এআই ব্যবহারে অন্ধনির্ভরতা নয়, দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্ত ব্যবহারই হওয়া উচিত শিক্ষার্থীদের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত