Ajker Patrika

বিষয়ভিত্তিক পরামর্শ: ফার্মেসি পড়ার যত কারণ

সাবরিন সুলতানা উর্বরা
বিষয়ভিত্তিক পরামর্শ: ফার্মেসি পড়ার যত কারণ

মানুষের জীবনে অসুস্থতা স্বাভাবিক। আর অসুস্থতার সঠিক চিকিৎসায় ওষুধ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ওষুধের আবিষ্কার, উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ ব্যবহার ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ফার্মেসি। তাই ফার্মেসিকে শুধু ওষুধ তৈরির বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বিজ্ঞান, গবেষণা, শিল্প, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে গড়ে ওঠা এটি একটি গুরুত্বপূর্ণ পেশাগত ক্ষেত্র। বিস্তারিত লিখেছেন সাবরিন সুলতানা উর্বরা

বাংলাদেশের ওষুধশিল্প বেশ শক্ত অবস্থানে রয়েছে। দেশের চাহিদার বড় অংশের ওষুধ দেশেই উৎপাদিত হয়। পাশাপাশি বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। ফলে এ খাতে প্রশিক্ষিত ফার্মাসিস্টদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

গবেষণার সঙ্গে গভীর সম্পর্ক

ফার্মেসি মূলত গবেষণানির্ভর একটি বিষয়। নতুন ওষুধ আবিষ্কার, বিদ্যমান ওষুধের উন্নয়ন কিংবা ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে গবেষণা—সব ক্ষেত্রেই ফার্মেসির জ্ঞান প্রয়োজন। করোনাভাইরাস মহামারি গবেষণার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। নতুন রোগের চিকিৎসা ও প্রতিরোধে ওষুধ ও টিকা তৈরিতে বিজ্ঞানীদের দীর্ঘ সময় গবেষণা করতে হয়েছে। তাই ফার্মেসি পড়ার অর্থ শুধু পাঠ্যবই মুখস্থ করা নয়। এখানে বিষয় বুঝতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং নতুন কিছু জানার আগ্রহ রাখতে হয়।

ওষুধশিল্পে ফার্মাসিস্টদের ভূমিকা

বাংলাদেশের ওষুধশিল্প দেশের গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর একটি। ওষুধ উৎপাদন থেকে শুরু করে গুণগত মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ ও বাজারজাতকরণ—বিভিন্ন পর্যায়ে ফার্মাসিস্টরা কাজ করেন। ওষুধের উৎপাদন ও মান নিয়ন্ত্রণের মতো কারিগরি কাজে তাঁদের বিশেষ ভূমিকা রয়েছে। এ কারণে দেশের ওষুধশিল্পে ফার্মাসিস্টদের কর্মক্ষেত্রও তুলনামূলকভাবে বিস্তৃত।

দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ

ফার্মেসিতে স্নাতক হওয়ার পর শুধু দেশেই নয়, বিদেশেও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ফার্মাকোলজি, টক্সিকোলজি, মেডিসিনাল কেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারেন। গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি ওষুধশিল্পেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। কেউ গবেষণায় যেতে পারেন, কেউ শিল্পপ্রতিষ্ঠানে কাজ করতে পারেন। আবার উচ্চশিক্ষার মাধ্যমে একাডেমিক ক্যারিয়ারও গড়ে তোলা সম্ভব।

আছে সীমাবদ্ধতা, সম্ভাবনাও

ফার্মেসিতে সম্ভাবনার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। উন্নত অনেক দেশে হাসপাতালের চিকিৎসাব্যবস্থায় চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট সমন্বিতভাবে কাজ করেন। এতে রোগীর ওষুধ ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।

রোগীকে ওষুধ ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া, পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ এবং ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রেও ফার্মাসিস্টের ভূমিকা রয়েছে। বাংলাদেশে হাসপাতালভিত্তিক ফার্মেসি সেবার পরিধি এখনো সীমিত। তবে এ খাতের বিকাশ ঘটলে ফার্মাসিস্টদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। এর বাইরে ওষুধের বিপণন ও বিক্রয়, নিয়ন্ত্রক সংস্থা, গবেষণাগার এবং বিভিন্ন স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও কাজের সুযোগ রয়েছে।

উচ্চশিক্ষায় বিস্তৃত সুযোগ

ফার্মেসিতে স্নাতক শেষে জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা ওষুধবিজ্ঞান ছাড়াও রসায়ন, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, টক্সিকোলজি ও সংশ্লিষ্ট বিষয়ে পড়তে পারেন।

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ফার্মেসির শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। ভালো ফল, গবেষণার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বৃত্তির জন্য আবেদন করা যায়।

যাঁরা ফার্মেসি পড়তে চান

ফার্মেসিতে পড়তে চাইলে উচ্চমাধ্যমিক পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া ভালো। জীববিজ্ঞান ও রসায়নে ভালো ভিত্তি থাকা প্রয়োজন। মানবদেহ, রোগপ্রক্রিয়া ও ওষুধের কার্যকারিতা বুঝতে জীববিজ্ঞানের জ্ঞান কাজে লাগে। আর ওষুধের গঠন, বৈশিষ্ট্য ও রাসায়নিক বিক্রিয়া বুঝতে রসায়নের ভিত্তি গুরুত্বপূর্ণ। পাশাপাশি গণিত ও ইংরেজির প্রতিও গুরুত্ব দিতে হবে। ফার্মেসির পাঠ্যবই ও গবেষণাপত্রের বড় অংশ ইংরেজিতে। ওষুধের নাম ও বৈজ্ঞানিক পরিভাষাও ইংরেজিনির্ভর। ফলে ইংরেজিতে ভালো দখল থাকলে পড়াশোনা সহজ হয়।

শেখার শেষ নেই

ফার্মেসি একটি দায়িত্বশীল পেশা। ওষুধের মাত্রা, ব্যবহার বা সংরক্ষণে ভুল হলে রোগীর ক্ষতি হতে পারে। তাই একজন ফার্মাসিস্টকে সতর্ক, দায়িত্বশীল ও মনোযোগী হতে হয়। এটি একই সঙ্গে একটি পরিবর্তনশীল বিষয়। নিয়মিত নতুন ওষুধ আবিষ্কৃত হচ্ছে, গবেষণায় নতুন তথ্য যুক্ত হচ্ছে এবং চিকিৎসাবিজ্ঞানে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে ফার্মাসিস্টদেরও নিয়মিত নতুন কিছু শিখতে হয়। ফার্মেসি তাই শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়। বিজ্ঞান, গবেষণা ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে এটি গড়ে ওঠা একটি পেশাগত ক্ষেত্র। সঠিক প্রস্তুতি, আগ্রহ ও নিষ্ঠা থাকলে ফার্মেসি থেকে দেশে-বিদেশে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত