Ajker Patrika

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০০: ৪১
চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত
ফাইল ছবি

‎চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য স্থান এবং শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

‎বন্যা-পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

‎বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর জারি করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ‎বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, এ বিভাগের পাঁচ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়। রাতে আবার এসব পরীক্ষা স্থগিতের ঘোষণা এল।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম বোর্ড ও এ বিভাগের পাঁচ জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’ ‎

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আরও বলেন, ‘পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

‎পূর্বের রুটিন অনুযায়ী আগামী শনিবার বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ভূগোল (দ্বিতীয় পত্র) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ (প্রথম পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির মার্কেটিং নীতি ও প্রয়োগ ১ ও ২, ভোকেশনালের ট্রেড ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের শর্ট হ্যান্ড ১ ও ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন ১ জুলাই সংবাদ সম্মেলনে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত