Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।

সমাবর্তন উপলক্ষে গতকাল ২০ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দেন। একই সঙ্গে সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রপতির সম্মতির পর সমাবর্তন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনে বক্তা কে থাকবেন, কারা অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং আয়োজনের অন্যান্য বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সমাবর্তন গুরুত্বপূর্ণ। দেশের প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীর কাছে এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্বীকৃতিও।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পর ২০১৭ সালের ১৭ জানুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার প্রথম সমাবর্তনের প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত