Ajker Patrika

কানাডায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীরা কানাডায় পৌঁছে প্রথম সপ্তাহে যা করবেন

শিক্ষা ডেস্ক
কানাডায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীরা কানাডায় পৌঁছে প্রথম সপ্তাহে যা করবেন
ফাইল ছবি

নতুন দেশে পা রাখা মানেই নতুন এক অধ্যায়ের শুরু। আনন্দ আছে, কৌতূহল আছে, আবার অচেনা পরিবেশের কারণে কিছুটা দুশ্চিন্তাও থাকে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়া শিক্ষার্থীদের কাছে প্রথম সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ।

এই কয়েকটি দিনই ঠিক করে দিতে পারে পরের কয়েক মাস কতটা স্বস্তিতে কাটবে। তাই শুরু থেকে কিছু ছোট কাজ গুছিয়ে নিলে নতুন শহর, নতুন ক্যাম্পাস আর নতুন জীবন—সবকিছুই ধীরে ধীরে আপন হয়ে উঠবে।

কাগজপত্র গুছিয়ে নিন

কানাডায় পৌঁছানোর পরই পাসপোর্ট, স্টাডি পারমিট, ভিসা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কাগজপত্র ও ভ্রমণের নথি নিরাপদে রাখুন। স্টাডি পারমিটে থাকা তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি সব নথির ফটোকপি ও ডিজিটাল কপি সংরক্ষণ করুন। প্রয়োজনে এগুলোই সবচেয়ে বড় ভরসা হবে।

ব্যাংক হিসাব খুলুন

প্রতিদিনের খরচ, বেতন, বৃত্তি কিংবা অর্থনৈতিক লেনদেনের জন্য স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। কানাডার অনেক ব্যাংক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেয়। কোথাও মাসিক ফি নেই, কোথাও খুবই কম। অ্যাকাউন্ট খোলার সময় সাধারণত পাসপোর্ট, স্টাডি পারমিট ও ভর্তি-সংক্রান্ত কাগজপত্র লাগে। ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং ও অর্থ স্থানান্তরের নিয়মও জেনে নিন।

নতুন ঠিকানা নিজের করে তুলুন

হল, হোমস্টে কিংবা ভাড়া বাসা যেখানেই থাকুন, জায়গাটিকে ধীরে ধীরে নিজের মতো করে সাজিয়ে নিন। একটু হাঁটুন। আশপাশের মুদিদোকান, ফার্মেসি, বাসস্টপ, ব্যাংক কিংবা প্রয়োজনীয় সেবার জায়গাগুলো চিনে রাখুন। পরিচিত পথ নতুন শহরকে দ্রুত আপন করে তোলে।

মানুষের সঙ্গে পরিচয় গড়ুন

প্রথম সপ্তাহের ওরিয়েন্টেশন অনুষ্ঠানগুলো কখনোই এড়িয়ে যাবেন না। এখানেই পরিচয় হবে সহপাঠী, শিক্ষক ও নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে। ছাত্রসংগঠন, ক্লাব কিংবা স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হলে বন্ধুত্বের পরিধি বাড়বে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়াও সহজ হবে। মনে রাখবেন, প্রশ্ন করতে বা সাহায্য চাইতে দ্বিধা করার কিছু নেই।

ফোন ও ইন্টারনেট ব্যবস্থা করুন

একটি স্থানীয় মোবাইল নম্বর অনেক ঝামেলা কমিয়ে দেয়। ব্যাংকের বার্তা, মানচিত্র ব্যবহার, জরুরি যোগাযোগ—সবই সহজ হয়ে যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেজ দেখে প্রয়োজন অনুযায়ী সিম নিন। বাসার ইন্টারনেট সংযোগও নিশ্চিত করুন। কারণ ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরিবারের সঙ্গে যোগাযোগ—সবকিছুরই ভরসা নির্ভরযোগ্য ইন্টারনেট।

স্বাস্থ্যবিমা সম্পর্কে জানুন

কানাডায় চিকিৎসা ব্যয়বহুল। তাই স্বাস্থ্যবিমা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। আপনার বিমায় কোন সেবা রয়েছে, তা জেনে নিন। পাশাপাশি কাছের হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসির অবস্থানও মনে রাখুন। জরুরি মুহূর্তে এই প্রস্তুতিই সবচেয়ে কাজে আসে।

ক্যাম্পাসকে চিনে নিন

ক্লাস শুরুর আগেই ক্যাম্পাস ঘুরে দেখুন। শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া, শিক্ষার্থী সহায়তা কেন্দ্র আর নিরিবিলি পড়ার জায়গাগুলো কোথায়, জেনে রাখুন।

যত দ্রুত সম্ভব শিক্ষার্থী পরিচয়পত্র সংগ্রহ করুন। এটি শুধু পরিচয়ের মাধ্যম নয়, অনেক সুবিধা ও ছাড় পাওয়ারও চাবিকাঠি।

একটি সুন্দর রুটিন গড়ে তুলুন

প্রথম সপ্তাহেই নিজের জন্য একটি সহজ রুটিন তৈরি করুন। পড়াশোনা, রান্না, বিশ্রাম, শরীরচর্চা আর বন্ধুদের সঙ্গে সময়—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন।

সময় মেনে চলা, হিসাব করে খরচ করা আর নিয়মিত নিজের যত্ন নেওয়ার অভ্যাস শুরু থেকেই গড়ে উঠলে নতুন দেশও আর খুব বেশি অচেনা লাগে না।

কানাডায় প্রথম সপ্তাহে হয়তো কিছু অসুবিধা হবে। তবে এই ছোট ছোট প্রস্তুতিই ধীরে ধীরে সেই সমস্যার উত্তর হয়ে ওঠে।

সূত্র: ইকোনমিক টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত