
মানুষ জন্মগতভাবেই সুখী হতে চায়। আমরা চাই শান্তি, চাই স্বস্তি—এমন একটি জীবন, যেখানে রাতের ঘুমটা হবে নির্ভার। কিন্তু অদ্ভুত সত্য হলো, আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়; শত্রু নিজের চিন্তা, ভয়, অহংকার আর ভুল বিশ্বাস। অজান্তেই আমরা নিজের জন্য এমন এক মানসিক কারাগার তৈরি করি, যেখান থেকে বের হওয়ার পথটাও ধীরে ধীরে ভুলে যাই। এই জায়গাতেই আলো দেখায় প্রাচীন টোলটেক জ্ঞানের আলোকে লেখা ডন মিগুয়েল রুইজের বিখ্যাত গ্রন্থ দ্য ফোর অ্যাগ্রিমেন্টস। এই বইয়ে তিনি লিখেছেন, জীবন বদলাতে বড় কোনো দর্শন বা কঠিন সাধনার দরকার নেই। দরকার মাত্র চারটি সহজ কিন্তু শক্তিশালী ‘চুক্তি’। সচেতনভাবে এই চার অভ্যাস মেনে চলতে পারলে ভয়, কষ্ট, ভুল- বোঝাবুঝি আর আত্মদ্বন্দ্বের শিকল ধীরে ধীরে ভাঙতে শুরু করে।
এগুলো কোনো নিয়ম নয়; এগুলো জীবন দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। চলুন জেনে নেওয়া যাক সেই চার চুক্তি।
হোন আপসহীন
শব্দ শুধু ভাষা নয়, এটি শক্তিও। একটি বাক্য যেমন কারও ভাঙা মন জোড়া লাগাতে পারে, তেমনি একটি তির্যক কথা সারা জীবনের ক্ষত তৈরি করতে পারে। তাই প্রথম শিক্ষা হওয়া উচিত নিজের কথার ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল হওয়া।
আমরা অনেক সময় অন্যকে নয়, নিজের মনকে সবচেয়ে বেশি আঘাত করি। ‘আমি পারব না’, ‘আমি ব্যর্থ’, ‘আমার দ্বারা কিছু হবে না’—এই কথাগুলো আসলে নিজের বিরুদ্ধে নিজেরই অভিশাপ। ধীরে ধীরে এগুলো বিশ্বাসে পরিণত হয়, আর সেই বিশ্বাসই বাস্তবতাকে গড়ে তোলে। অন্যের নিন্দা, গিবত বা অভিযোগে শক্তি ব্যয় না করে শব্দকে ব্যবহার করুন সাহস, প্রেরণার জন্য। কারণ আপনি যেভাবে কথা বলেন, ঠিক সেভাবেই আপনি নিজের পৃথিবী গড়ে তুলুন।
কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেওয়া উচিত না
কেউ আপনাকে নিয়ে কিছু বলল, আপনি কষ্ট পেলেন। কেউ অবহেলা করল, আপনি ভেঙে পড়লেন। কিন্তু সত্য হলো মানুষের আচরণ আপনার কারণে নয়; তাদের নিজেদের ভেতরের অবস্থার কারণে। একজন রাগান্বিত মানুষ ভালো মানুষকেও আঘাত করে, আর একজন সুখী মানুষ অপরিচিতকেও হাসিমুখে অভিবাদন জানায়। মানুষের ব্যবহার আসলে তাদের মানসিক জগতের প্রতিফলন, আপনার পরিচয়ের নয়।
আপনি যদি অন্যের প্রশংসায় উড়তে থাকেন, তবে তাদের সমালোচনায়ও ভেঙে পড়বেন। কিন্তু যখন বুঝবেন, অন্যের মতামত আপনার মূল্য নির্ধারণ করে না; তখন একধরনের মুক্তি অনুভব করবেন। তখন অপমান আপনাকে ভাঙবে না, প্রশংসাও আপনাকে অহংকারী করে তুলবে না।
অহেতুক অনুমান নয়
আমাদের অনেক দুঃখ বাস্তব নয়, কল্পনার। আমরা না জেনেই সিদ্ধান্ত নিই, না শুনেই গল্প বানাই। একটু দেরিতে রিপ্লাই, একটু নীরবতা কিংবা একটু নির্লিপ্ত আচরণ; আর আমরা মনে মনে পুরো একটি নাটক সাজিয়ে ফেলি। এই অনুমানই সম্পর্কের দূরত্ব বাড়ায়। অথচ সমাধান খুবই সহজ—স্পষ্টতা। সন্দেহ হলে জিজ্ঞাসা করুন, কষ্ট পেলে বলুন। অনুভূতি লুকিয়ে রাখবেন না। নীরব ভুল- বোঝাবুঝি সম্পর্ক ভাঙে, আর খোলামেলা কথা সম্পর্ক বাঁচিয়ে রাখে। যেখানে অনুমান শেষ হয়, সেখানেই শান্তি শুরু হয়।
সর্বদা নিজের সেরাটা দিন
প্রতিদিন নিজের সেরাটা দিন; কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না। নিখুঁত হওয়ার চাপ মানুষকে ক্লান্ত করে, আর আন্তরিক চেষ্টা মানুষকে শান্ত করে। আজ আপনার শক্তি যতটুকু, সেটুকুই যথেষ্ট—যদি তা সৎ ও আন্তরিক হয়। আপনি যদি সত্যিই নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, তবে ব্যর্থতাও আপনাকে পোড়াবে না; কারণ তখন অনুশোচনার ভার
থাকবে না। ফলের জন্য কাজ করলে দুশ্চিন্তা বাড়ে, আর কাজকে ভালোবেসে করলে তৃপ্তি জন্মায়। তখন আপনি প্রমাণের জন্য নয়, বেঁচে থাকার আনন্দের জন্য কাজ করেন।
রুইজ আমাদের শেখান, আপনি একজন শিল্পী আর প্রতিদিনের সিদ্ধান্তগুলোই আপনার ক্যানভাসে আঁকা রং। আমাদের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়; ভয় হলো নিজের আসল সত্তাকে প্রকাশ করা। অন্যের পছন্দের মানুষ হতে গিয়ে আমরা নিজের মানুষটাকেই হারিয়ে ফেলি। অতীতের কষ্ট, ভুল আর ব্যর্থতা আঁকড়ে ধরে রাখলে বর্তমানের সৌন্দর্য ধরা পড়ে না। আত্মগ্রহণই শান্তির শুরু—নিজেকে যেমন, তেমনভাবে মেনে নেওয়ার মধ্যেই মুক্তি।

বর্তমানে শুধু ভালো ফল বা ডিগ্রিই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। দ্রুত বদলে যাওয়া সমাজ ও কর্মজগতে টিকে থাকতে প্রয়োজন এমন কিছু দক্ষতা; যা বইয়ের পাতায় নয়—মানুষের আচরণ, চিন্তা ও সম্পর্কের ভেতর দিয়ে গড়ে ওঠে। এসব দক্ষতাকে বলা হয় সফট স্কিল। পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্ক; জীবনের প্রতিটি
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও এআইয়ের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীদের শেখার ধরনকে আমূল বদলে দিচ্ছে।
১ দিন আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা অস্ট্রেলিয়াকে পছন্দের তালিকায় রেখেছেন, তাঁদের জন্য সিডনির বিখ্যাত ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় নিয়ে এল এক দারুণ সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ এবং পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ দিন আগে
অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (জেএসসি) বাতিলের সিদ্ধান্ত বহাল, জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখা এবং নবম শ্রেণিতে বিভাগ বিভাজন পদ্ধতি বাতিলের সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি এই সুপারিশ করেছে।
১ দিন আগে