Ajker Patrika

ইংরেজি চর্চা: ভুল বাক্যের সঠিক ব্যবহার

আব্দুর রাজ্জাক খান
ইংরেজি চর্চা: ভুল বাক্যের সঠিক ব্যবহার

বিসিএস ভাইভায় নিজের পরিচয় ইংরেজিতে দিতে গিয়ে ছোটখাটো ভুলও আপনার ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই পরিচিতিমূলক বক্তব্য দেওয়ার আগে বাক্য গঠন, শব্দচয়ন এবং ব্যাকরণ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সহজ ও শুদ্ধ ইংরেজিতে নিজেকে উপস্থাপন করাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কৌশল।

ধরুন, আপনি বললেন, “Thank you sir for giving me an opportunity to introduce myself in front of this viva board.” এর পরিবর্তে বলা ভালো, “Thank you, Sir, for giving me the opportunity to introduce myself before this honourable viva board.” আনুষ্ঠানিক বোর্ডের সামনে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ‘before’ বেশি প্রাঞ্জল। এ ছাড়া সম্বোধনের আগে কমা বসাতে হয়।

নিজের ঠিকানা বলতে “I come from Cumilla of Chandina Upazila” না বলে বলুন, “I am from Chandina Upazila of Cumilla District.” কারণ, চান্দিনা কুমিল্লা জেলার একটি উপজেলা। তাই স্থান পরিচয়ে আগে উপজেলার নাম, পরে জেলার নাম উল্লেখ করতে হবে।

বর্তমান চাকরির পরিচয় দিতে “Currently I have been working as an Assistant Upazila Youth Development Officer” না বলে “I am currently working as an Assistant Upazila Youth Development Officer” বলা স্বাভাবিক। ‘Have been working’ দিয়ে কাজের ধারাবাহিকতা বা সময়কাল বোঝানো হয়। তবে বর্তমান পদবি পরিচয়ে ‘I am currently working as’ অধিক সহজ ও সাবলীল।

শিক্ষাগত যোগ্যতা বর্ণনায় “I passed my BA and MA degree” না বলে “I obtained my Bachelor's and Master's degrees in English” বলা যথাযথ। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে ‘obtained’ বা ‘earned’ উপযুক্ত। দুটি ডিগ্রির ক্ষেত্রে ‘degrees’ বহুবচন হবে। বিষয় বোঝাতে ‘in English’ বলাই যথেষ্ট।

নিজের ইতিবাচক দিক তুলে ধরতে “My strengths are hard worker, punctual, keen to learn and adaptivity” বাক্যটির পরিবর্তে বলুন, “My strengths are that I am hardworking, punctual, eager to learn and adaptable.” এখানে সব কটি গুণ বিশেষণ দিয়ে প্রকাশ করায় বাক্যের গঠনও সঠিক হয়েছে।

দুর্বলতা বোঝাতে “I want to be a perfectionist in any work” না বলে “I tend to be a perfectionist in my work” বলা ভালো। কারণ, ‘I tend to be’ নিজের স্বভাব বা প্রবণতা প্রকাশ করে।

সবশেষে, “I want to be a BCS Cadre” বলার পরিবর্তে “I aspire to become a BCS cadre and serve the nation with honesty and dedication” বলা অধিক মার্জিত। ‘Aspire’ অর্থ কোনো লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা পোষণ করা।

মনে রাখতে হবে, ভাইভায় কঠিন ইংরেজি বলার চেয়ে সহজ, শুদ্ধ ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা বেশি কার্যকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত