Ajker Patrika

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

বেরোবি প্রতিনিধি
বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪
সাময়িক বহিষ্কৃত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মামদুদুর রহমান, জিয়াউল হক ও তারিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন—জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান, সহসভাপতি ও সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক এবং সহসম্পাদক ও সংস্থাপন শাখা-১-এর ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলামকে মারধরের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে রফিক ইসলাম মন্তব্য করলে কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউল হক তাঁকে ঘুষি মারেন। পরে রিসার্চ অফিসার ড. রোকনুজ্জামান ফুলের টব দিয়ে আঘাত করেন। এ সময় তারিকুল ইসলাম, মামদুদুর রহমানসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন রফিক ইসলাম।

এ ঘটনার পরদিন ৫ নভেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানাকে। সদস্য হিসেবে ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ টি এম জিন্নাতুল বাসার। আর সদস্যসচিব করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেনকে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত