বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে বলেও জানান তিনি।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘আগে পয়লা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এ জন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। তবে সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
বিগত বছরগুলোতে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের সংস্কৃতি বদলানোর কথা তুলে ধরে প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’
বইয়ের গুণগত মান সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’
দ্রুত সময়ে প্রাথমিক ও মাধ্যমিকের বই পরিমার্জনসহ ছাপা ও সরবরাহের অগ্রগতির নেপথ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সংশ্লিষ্ট সকলের নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান।
নতুন বই ও কারিকুলামের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে; যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।









