Ajker Patrika

ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত
ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’। আজ ২৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের প্রেজেন্টিং স্পন্সরশিপে এ মেলার আয়োজন করা হয়।

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মাইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দীন হাসান রশীদ।

মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতের ১০৭টি স্বনামধন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নেন প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী। তাঁরা সরাসরি নিয়োগকর্তাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরাই শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করেন। তাই সবার আগে তাঁদের মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা চেষ্টা করলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবেন।

বিশেষ অতিথি মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। কারণ, মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে তাঁরা পৃথিবীর যেকোনো জায়গায় সম্মানিত হবেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

দিনব্যাপী এ আয়োজনে ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত