Ajker Patrika

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জোর দিচ্ছে চীন

ফয়সল আবদুল্লাহ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জোর দিচ্ছে চীন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় শিক্ষা গন্তব্য হয়ে উঠতে নতুন উদ্যোগ নিচ্ছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা খাতে উচ্চমানের উন্মুক্ততা বাড়ানোর পাশাপাশি ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গত তিন বছরে চীনে বিদেশি শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা এবং নিজ খরচে পড়তে আসা শিক্ষার্থীদের অংশ নেওয়া।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯১টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে অধ্যয়ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ২ লাখ ৫ হাজার শিক্ষার্থী ডিগ্রি অর্জনের লক্ষ্যে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে প্রকৌশল বিষয়ে।

বেইজিং আন্তর্জাতিক বিষয়াবলি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চং ছেংচুন জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত তাঁদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১ হাজার ২৪ জনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৭০ দশমিক ৬ শতাংশ বেশি।

সহ-উপাচার্য বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা বাণিজ্য, পর্যটন এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চাও চোংসিউ বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে শিক্ষা সহযোগিতা দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে। এদিকে বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং হাও বলেন, বিদেশি শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে চীনের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম।

কাজাখস্তানের শিক্ষার্থী অ্যাঞ্জেলিনা সানজারোভস্কিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি চীনের বিভিন্ন শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছেন এবং দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছেন।

অন্যদিকে মরক্কোর শিক্ষার্থী আল বাতুল নেজ্জুনি জানান, বিশ্বে চীনের ক্রমবর্ধমান গুরুত্ব তাঁকে দেশটির অর্থনীতি ও নগর উন্নয়ন সম্পর্কে কাছ থেকে জানার আগ্রহ তৈরি করেছে।

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত