
ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করে। সেখানে বলা হয়, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। আর এই গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমেই ইসরায়েল ফের ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী চলা জানাজা অনুষ্ঠান প্রক্রিয়ার মাঝেই দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর কিছুদিন আগেই ইসরায়েল পেন্টাগনের সঙ্গে এসব নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তথ্যে ইঙ্গিত দেওয়া হয় যে—তেহরান আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি পাল্টাপাল্টি হামলায় যখন চাপের মুখে, ঠিক তখনই এই সম্ভাব্য ‘হত্যা পরিকল্পনা’ সংক্রান্ত তথ্য ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার আরেকটি নতুন স্তর যোগ করেছে, যা পরিস্থিতি আরও বাড়িয়ে তুলেছে।
একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের এই তথা তথাকথিত হত্যা পরিকল্পনার সতর্কতাটি চলতি সপ্তাহে এসেছে। তবে অন্য একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা সংস্থাই এই পরিকল্পনার একটি ধারাবাহিক গুঞ্জন বা আভাস পাচ্ছিল, কিন্তু ইসরায়েলের কাছ থেকে পাওয়া সতর্কতাটি ছিল সম্পূর্ণ নতুন এবং এটি একটি সুনির্দিষ্ট চক্রান্তের সাথে সম্পর্কিত।
অবশ্য, কিছু মার্কিন কর্মকর্তা আশঙ্কা করছেন যে, ইসরায়েলি গোয়েন্দা তথ্যটি হয়তো ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা মাত্র। কারণ ট্রাম্প তখন ভাবছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করবেন নাকি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।
ইসরায়েলি সতর্কতার সুনির্দিষ্ট বিবরণগুলো এখন পর্যন্ত পরিষ্কার নয়, তবে সিএনএন জানিয়েছে—মার্কিন যুক্তরাষ্ট্র নিজে এই তথ্য এখনও যাচাই করে দেখেনি এবং ইসরায়েলি সতর্কতার আগে তারা নিজেরা এটি ট্র্যাকিং বা পর্যবেক্ষণ করছিল না।
ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পেছনে আমেরিকার কথিত ভূমিকার প্রতিশোধ নিতে তেহরান বহু বছর ধরে প্রকাশ্যে ট্রাম্পকে হুমকি দিয়ে আসছে। এমনকি গত ২৮শে ফেব্রুয়ারির মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আলী খামেনেই এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের জানাজা বা শেষকৃত্য অনুষ্ঠানের সময়ও ইরানি শোকগ্রস্ত জনতা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ লেখা একটি ব্যানারও প্রদর্শন করে।
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান (কমান্ডার-ইন-চিফ) ট্রাম্প নিজেও এই সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন যে তাঁর জীবনের প্রতি একটি ইরানি হুমকি রয়েছে। ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন আঙ্কারায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা মার্কিন নেতাকে—অর্থাৎ আমাকে—সরিয়ে দিতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আজ সকালে দেখলাম, আমি তাদের প্রতিটি তালিকায় এক নম্বরে আছি। এ পর্যন্ত, আমি মনে করি আমার ভাগ্যটা কিছুটা ভালো ছিল, তবে তা হয়তো খুব বেশিদিন টিকবে না।’
ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ভিন্ন স্বার্থের কারণে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক বরফশীতল হয়ে যাওয়ার পর, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করেছে। ইসরায়েলি নেতা যুদ্ধের আরও লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে ওকালতি করে আসছিলেন। অন্যদিকে ট্রাম্প এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিলেন, কারণ তাঁর আশঙ্কা ছিল এটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।
অবশেষে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, গত বৃহস্পতিবার ট্রাম্প এবং নেতানিয়াহু আবারও কথা বলেছেন। ওই কার্যালয় দাবি করেছে যে ওয়াশিংটন এবং তেল আবিব দুই দেশের মধ্যে ‘সমন্বয়’ বজায় রাখতে সম্মত হয়েছে এবং ট্রাম্প পারস্য উপসাগরে সাম্প্রতিক মার্কিন সামরিক কার্যক্রম সম্পর্কেও নেতানিয়াহুকে নতুন তথ্য জানিয়েছেন।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৫ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৮ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৯ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৯ ঘণ্টা আগে