Ajker Patrika

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সিলেট প্রতিনিধি
মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

চলতি বছরের মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। এ ছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত ৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন।

আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলায় ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত এবং মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ নারী ও ৬ শিশু রয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১৯টি দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেলচালক ও আরোহী এবং ৬টি দুর্ঘটনায় ১১ জন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক-আরোহী ছিলেন। এ ছাড়া ১৮ জন চালক এবং ৯ জন পথচারীও নিহত হয়েছেন।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষের ১৪ দুর্ঘটনায় ১০ জন এবং গাছ বা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

নিসচা সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে অনুমেয় ও অপ্রকাশিত কিছু ঘটনার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত