রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুই শিশু হলো—নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে সাফায়াত (২) এবং তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের মহব্বত আলী ও ইনজা আক্তারের মেয়ে মুনতাহা আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সাফায়াত তার খালু আবুল কালামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িটি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা আলমপুর গ্রামে। একপর্যায়ে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা মরদেহ সৈয়দপুরে নিয়ে গিয়ে দাফন করেন।
অন্যদিকে, শুক্রবার দুপুরে সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামে মুনতাহাদের বাড়িতে আত্মীয়স্বজনের আগমন উপলক্ষে পরিবারের সদস্যরা অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন। এ সময় দুই বছরের মুনতাহা খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির বাইরে চলে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ির সামনের একটি ছোট খালে মুনতাহার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করেন।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল সাফায়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কয়েক মুহূর্তের অসতর্কতায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুপুরে যে বাড়িতে আত্মীয়স্বজনের কোলাহল ছিল, কিছুক্ষণের মধ্যেই সেখানে শুধু কান্নার শব্দ। ছোট্ট শিশুটির মৃত্যু পুরো গ্রামকে শোকাহত করেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ছোট শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকতে হবে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। সাফায়াতের মরদেহ স্বজনরা সৈয়দপুরে নিয়ে গিয়ে দাফন করেছেন।

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৫ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৬ ঘণ্টা আগে