
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না। একই সঙ্গে সরকারি নথিতে প্রকৃত গ্রামের নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালে মিঠাপুর পুরাতন হাটখোলা থেকে উজালপুর গ্রাম ইউনিব্লক সড়ক পর্যন্ত ৫৫০ মিটার দৈর্ঘ্য ও প্রায় ৩ মিটার প্রস্থের একটি পাকা সড়ক নির্মাণের প্রকল্প গেজেটভুক্ত হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ৫৯ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশায় পুরো ৫৫০ মিটার সড়ক থাকলেও কাজ শুরুর পর দেখা যায়, শেষের প্রায় ৫০ মিটার অংশ কাঁচা রেখেই নির্মাণকাজ শেষ করার প্রস্তুতি চলছে। এ ছাড়া প্রকল্প- সংক্রান্ত সরকারি নথিতে সড়কের শেষ প্রান্ত ‘জগপাড়া’ নামে উল্লেখ করা হয়েছে। ওই এলাকায় জগপাড়া নামে কোনো গ্রাম বা পাড়া নেই। প্রকৃত নাম ‘উজালপুর’।
গ্রামের বাসিন্দা প্রণব মণ্ডল বলেন, ‘বৃষ্টি হলে কাঁচা অংশে কাদা জমবে, তখন মানুষের চলাচল ও যানবাহন চলাচলে সমস্যা হবে।’
কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স সবুজ সাথী ট্রেডার্সের স্বত্বাধিকারী জিল্লুর রহমান মারুফ বলেন, ‘এস্টিমেটে ৫৫০ মিটার রাস্তার কথা আছে। তবে একটি ছোট অংশ বাদ রয়েছে। বিষয়টি টেন্ডারেও ছিল না। কেন বাদ গেছে, তা আমি জানি না। আবার একজন ব্যক্তি তাঁর জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ করায় কাজেও কিছুটা বিলম্ব হচ্ছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলগাছী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. শাহারিয়ার বলেন, ‘ভবিষ্যতে প্রয়োজন হলে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে বাদ পড়া অংশের কাজ করা যেতে পারে। তবে শুরুতেই কেন ওই অংশ বাদ দেওয়া হয়েছে, তা আমার জানা নেই।’ গ্রামের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, নথিপত্র দেখে বিষয়টি বলতে হবে।
নওগাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মুনসুর আলী বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৪২ মিনিট আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
১ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে দিনদুপুরে অবৈধভাবে বালু লুটের সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পালিয়ে গেছে বালুদস্যুরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্ক অংশে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে